E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গ্রাহক টানতে নয়া প্রকল্প, চালু হল ‘এনপিএস তৎকাল’

পিএফআরডিএ-র চেয়ারম্যান এস রামন জানান, নতুন ব্যবস্থায় অসংগঠিত ক্ষেত্রের বহু মানুষ যোগ দিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৯:৪০
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

পেনশন প্রকল্প হিসেবে এনপিএস-কে সারা দেশে ছড়িয়ে দিতে কোমর বেঁধেছে কেন্দ্র। শহরের পাশাপাশি লক্ষ্য প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলও। বৃহস্পতিবার এনপিএস দিবস উপলক্ষে পেনশন প্রকল্প ঘিরে তিনটি পদক্ষেপ করল নিয়ন্ত্রক পিএফআরডিএ—এক, ‘এনপিএস তৎকাল’ প্রকল্প চালু করল তারা। দু’বছরের মধ্যে ২-৩ কোটি নতুন গ্রাহককে পেনশনের সুরক্ষার আওতায় আনাই লক্ষ্য। নিয়ন্ত্রক জানিয়েছে, ইউপিআই মারফত গ্রাহকেরা যোগ দিতে পারবেন। প্রকল্প চালু হবে এনপিসিআই-এর ইউপিআই অ্যাপ ‘ভীম’-এর মাধ্যমে। কেওয়াইসি করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে ‘এনপিএস তৎকাল’ খোলা যাবে। আপাতত এতে শামিল স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক। পিএফআরডিএ-র চেয়ারম্যান এস রামন জানান, নতুন ব্যবস্থায় অসংগঠিত ক্ষেত্রের বহু মানুষ যোগ দিতে পারবেন।

দুই, আনা হল এনপিএস-এর সরলীকৃত সংস্করণ ‘এনপিএস সঞ্চয়’। এটি তৈরি হয়েছে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মী, স্বনির্ভর মানুষ ও প্রথম বার লগ্নিকারীদের জন্যেই। যাঁদের লগ্নি সংক্রান্ত জ্ঞান কম। তহবিল কোন সম্পদে লগ্নি করলে ভাল, সেটা বেছে নিতে সমস্যা হলে কাজে দেবে এনপিএস সঞ্চয়।

তিন, উদ্বোধন করা হল এনপিএস সঞ্চয় পেনশন যাত্রার। কলকাতা, দিল্লি, আমদাবাদ ও বেঙ্গালুরু থেকে শুরু হয়েছে। পিএফআরডিএ-র প্রতিনিধিদের চারটি দল সংশ্লিষ্ট রাজ্যগুলির বিভিন্ন জেলায় ঘুরে পেনশন-সচেতনতা বাড়ানোর পাশাপাশি গ্রাহক সংগ্রহ করবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
NPS Pension

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy