E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

এক দিন উত্থান, তো পরের দিনই পতন, ইরান যুদ্ধের আবহে যেন নাগরদোলায় সওয়ার শেয়ারবাজার!

বিশেষজ্ঞ মহলের দাবি, আমেরিকা-ইরান শান্তিচুক্তির আশায় অশোধিত তেলের দাম বহু দিন পরে ১০০ ডলারের নীচে নেমেছিল। শেয়ার বাজার চাঙ্গা হয় সর্বত্র। কিন্তু বাস্তবে উদ্বেগ বাড়ল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:৩৮

— প্রতীকী চিত্র।

দক্ষিণ ইরানে সোমবার রাতে আচমকা সামরিক হামলা চালিয়েছে আমেরিকা। ফলে বিশ্ব বাজারে ৯৬ ডলারে নেমে আসা অশোধিত তেলের ব্যারেল মঙ্গলবার আবার ১০০ ডলারের দিকে ছুটেছে। রাতে ওই গণ্ডি পেরিয়েও গিয়েছে। আর মূলত এই হামলা এবং তেলের দামে দৌড়ের জেরে এ দিন বিশ্ব জুড়ে পড়েছে শেয়ার বাজার। ভারতেও টানা দু’দিন ওঠার পরে সেনসেক্স ৪৭৯.২৬ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৭৬,০০৯.৭০ অঙ্কে। নিফ্‌টি পড়েছে ১১৮। থিতু হয়েছে ২৩,৯১৩.৭০-এ। তিন দিন ওঠার পরে ডলারের সাপেক্ষে ফের নেমেছে টাকার দামও। প্রতি ডলার ৪৪ পয়সা উঠে হয়েছে ৯৫.৭০ টাকা।

বিশেষজ্ঞ মহলের দাবি, আমেরিকা-ইরান শান্তিচুক্তির আশায় অশোধিত তেলের দাম বহু দিন পরে ১০০ ডলারের নীচে নেমেছিল। শেয়ার বাজার চাঙ্গা হয় সর্বত্র। কিন্তু বাস্তবে উদ্বেগ বাড়ল। নতুন করে মাথা তোলা ভূ-রাজনৈতিক অস্থিরতা মূলধনী বাজারকে সন্ত্রস্ত করেছে। একাংশ ফের পশ্চিম এশিয়ায় পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন।

বাজার বিশ্লেষকদের দাবি, এ দিন প্রধানত আর্থিক ও ব্যাঙ্কিং শেয়ারের নিম্নমুখী দর সেনসেক্স, নিফ্‌টিকে নীচের দিকে টেনে নামিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি করে পুঁজি তুলে নেওয়ার হিড়িক। এই প্রসঙ্গে বাজার বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলেন, ‘‘যতদিন না হরমুজ় প্রণালী খুলবে, ততদিন বাজার কোনও দিশা পাবে না। আর যুদ্ধ না থামলে হরমুজ় খোলার সম্ভাবনা কম। তার উপর বিদেশি লগ্নিকারীরা শেয়ার বেচে পুঁজি তুলে নিচ্ছে। ফলে এখন কোনও ভাবেই বাজারকে টেনে তোলা সম্ভব নয়।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Share Market BSE SENSEX West Asia US-Iran Conflict

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy