এ বার অভিযোগ ‘আনসার কি’ নিয়ে। স্নাতকে ভর্তির প্রবেশিকার ‘আনসার কি’ প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ করছেন, উত্তরের সঙ্গে মিল নেই প্রশ্নের। নিট ইউজি নিয়ে বিপর্যস্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নড়ে বসেছে তড়িঘড়ি। পরীক্ষার্থীকে আবেদন সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে সংস্থা।
বিতর্কে সূত্রপাত সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডলে এক পরীক্ষার্থী সদ্য প্রকাশিত প্রভিশনাল ‘আনসার কি’-র ছবি প্রকাশ করে অভিযোগ করেন, প্রশ্নপত্র এবং উত্তরের আইডি মিলছে না। এনটিএ-কে উদ্দেশ করে পরীক্ষার্থী লিখেছেন, “এ সব কী হচ্ছে? আমাকে ভুল আনসার কি দেওয়া হয়েছে। প্রশ্নের আইডি-র সঙ্গে এর কোনও মিল-ই নেই।”
সেই পোস্টের উত্তরেই এনটিএ পরীক্ষার্থীর আবেদন সংক্রান্ত তথ্য সরাসরি পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি, পরীক্ষার্থীরা যাতে এ সংক্রান্ত সমস্যা দ্রুত সংস্থাকে জানাতে পারে, সে জন্য আলাদা করে হেল্পলাইন নম্বর এবং ই-মেল আইডিও চালু করেছে।
উল্লেখ্য, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েটস-কে (কুয়েট ইউজি) কেন্দ্র করে সমস্যায় পড়েছিলেন পরীক্ষার্থীরা। ৩ হাজার ৭০০-র বেশি পরীক্ষার্থীদের বায়োমেট্রিক সম্পূর্ণ না হওয়ায় আলাদা করে পরীক্ষা দিতে হয়েছিল। সেই পরীক্ষার সম্ভাব্য ফলপ্রকাশের পর আনসার কি-এর সঙ্গে প্রশ্নপত্রের আইডি না মেলায় উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের মধ্যে।