সাইবার নিরাপত্তা ও সাইবার বিপর্যয় মোকাবিলার দক্ষতা বৃদ্ধি করতে দু’টি সার্টিফিকেট কোর্স চালু করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ় মার্কেটস (এনআইএসএম)। কোর্স দু’টির নাম এনআইএসএম-আইএফএসসিএ-০২এ (বেসিক) এবং এনআইএসএম-আইএফএসসিএ-০২বি (অ্যাডভান্সড)। দু’টি কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার জন্য আবেদন করতে হবে এনআইএসএমের সার্টিফিকেশন পোর্টাল cert.nism.ac.in-এ।
বেসিক কোর্সে কী শেখানো হবে?
সাইবার হামলার ধরন, নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি, ঝুঁকি পরিচালনা, নিরাপত্তা পরিকাঠামো, তথ্য সুরক্ষা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সাইবার হামলার পর পরিস্থিতি সামাল দেওয়ার পদ্ধতি এই কোর্সের পাঠ্যক্রমে রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো নতুন প্রযুক্তির কারণে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা নিয়েও পড়ানো হবে।
অ্যাডভান্সড কোর্সে কী শেখানো হবে?
সাইবার নিরাপত্তা সংক্রান্ত নীতি ও পরিচালন ব্যবস্থা, ঝুঁকি নিয়ন্ত্রণ, সাইবার হামলা মোকাবিলার প্রস্তুতি, পরিকাঠামোর স্থিতিস্থাপকতা এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে চলার বিষয়গুলি এই কোর্সে গুরুত্ব পাবে। বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমেও প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
দু’টি কোর্সের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এনআইএসএমের সার্টিফিকেশন পোর্টালে। নিবন্ধিত প্রার্থীরা অতিরিক্ত কোনও খরচ ছাড়াই সংশ্লিষ্ট ওয়ার্কবুক বা পড়াশোনার উপকরণ পাবেন। ওয়েবসাইট থেকে এই উপকরণের সফ্ট কপিও ডাউনলোড করা যাবে। বেসিক ও অ্যাডভান্সড—দু’টি কোর্সেরই লক্ষ্য আর্থিক পরিষেবা ক্ষেত্রের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের যোগ্যতা, পরীক্ষার নিয়ম এবং বিস্তারিত তথ্য ও শর্তাবলি সরকারি পোর্টাল থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন।