গত বুধবারের পর ফের আগুনে ভস্মীভূত প্ল্যাটফর্মের দোকান। এ বারের ঘটনা শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর ৫টা নাগাদ ওই প্ল্যাটফর্মের ৭টি অস্থায়ী দোকানে আগুন লাগে। গত বুধবার বনগাঁ শাখারই দুর্গানগর স্টেশনে আগুনে ভস্মীভূত হয় ৭টি দোকান। এর ফলে ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা নিয়ে রেলের ভূমিকা।
এ দিন ভোরে প্ল্যাটফর্মের একটি দোকানে আগুন লাগে। অতি দ্রুত তা পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন দোকানিরা। দমকল এবং গাইঘাটা থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, আগুনের ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে ৪টি দোকান। এ ছাড়া, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি দোকান। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে দমকলের অনুমান।