এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে মহেশতলার আক্রা এলাকা থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে আক্রা এলাকার বাসিন্দা এক মহিলা মহেশতলা থানার ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, ওই দিন রাতে সাড়ে সাতটা নাগাদ আক্রা স্টেশন চত্বরে একটি গাড়িতে তুলে তাঁকে ধর্ষণ করা হয়। তার পর ডাকঘর এলাকায় তাঁকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ওই মহিলার ডাক্তারি পরীক্ষা করায়। ডাক্তারি পরীক্ষার প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশের দাবি। তবে ওই মহিলার অভিযোগ, পূর্বপরিচিত প্রতিবেশী রাজ নামে এক যুবক তাঁকে ধর্ষণ করেছে। রাজের সঙ্গে আরও চার যুবক ঘটনার সময় উপস্থিত ছিল। তারাও তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এক তদন্তকারী অফিসার জানান, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে আক্রা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে রাজের পরিচিত তাজ, গাড়ির চালক ছোট্টু-সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত রাজ এখনও ফেরার।