Advertisement
E-Paper

হরমুজ় প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে হামলা! বিহারের মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু, ২০ দিন আগে কাজে ফিরেছিলেন যুবক

সোনুর দাদা অলোক জানান, দুবাইয়ের যে সংস্থায় সোনু কাজ করতেন, সেই সংস্থার সঙ্গে অনবরত যোগাযোগ রাখছেন তাঁরা। এ ছাড়াও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৫:৩৯
মেরিন ইঞ্জিনিয়ার সোনু গুপ্ত। ছবি: সংগৃহীত।

মেরিন ইঞ্জিনিয়ার সোনু গুপ্ত। ছবি: সংগৃহীত।

হরমুজ় প্রণালীর কাছে এক বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছোয় বিহারের গোপালগঞ্জের বাড়িতে।

জানা গিয়েছে, মৃতের নাম সোনু গুপ্ত (৩০)। দুবাইয়ের একটি জাহাজ সংস্থায় গত চার বছর ধরে কর্মরত ছিলেন। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জাহাজে হামলা এবং সোনুর মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। সৌদি আরবের কাছে যখন জাহাজটি ছিল সেই সময় হামলা হয়। সেই হামলাতেই মৃত্যু হয় সোনুর।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে তাঁরা খবর পান সোনু গুরুতর আহত হয়েছেন হামলায়। পরে তাঁর মৃত্যু হয়। সোনুর বাবা গোপালগঞ্জের এক জন ব্যবসায়ী। একটি জুতোর দোকান রয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন সোনু। ২০ দিন আগে কাজে যোগ দেন। সোনুর দেহ ফিরিয়ে আনার জন্য তাঁর পরিবার আর্জি জানিয়েছেন সরকারের কাছে। সোনুর দাদা অলোক জানান, দুবাইয়ের যে সংস্থায় সোনু কাজ করতেন, সেই সংস্থার সঙ্গে অনবরত যোগাযোগ রাখছেন তাঁরা। এ ছাড়াও ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

গত সোমবারই ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিখোঁজ হয়ে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম হেরম্ব কর্মকার। তিনি মহারাষ্ট্রের পুণের বাসিন্দা। হরমুজ় প্রণালী পেরিয়ে গিয়েছেন। বাড়িতে জানানোর পরই তাঁদের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়ে। সেই হামলায় মৃত্যু হয় হেরম্বের। বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা করেছে ভারত। বার বার বাণিজ্যিক জাহাজগুলিতে হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিএমএ)। জাহাজের মালিক, ম্যানেজার এবং সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে পশ্চিম এশিয়ায় বর্তমানে যে সামরিক সংঘাত চলছে, এমতাবস্থায় হরমুজ় প্রণালী হয়ে যাচ্ছে, এমন কোনও জাহাজে ভারতীয় নাবিকদের যেন মোতায়েন না করা হয়।

Strait of Hormuz

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy