Advertisement
E-Paper

নেপাল থেকে ভেসে আসছে ভারতে! উত্তরপ্রদেশে ৭০ কিমি দূরে পাওয়া গেল সাতটি দেহ, তবে এখনও শনাক্ত করা যায়নি

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ এবং কুশীনগর জেলা দু’টিই নেপালের সীমান্ত সংলগ্ন। সেখানে নেপাল থেকে বয়ে আসা নদীগুলিতে দেহ ভাসতে দেখা গিয়েছে। এখনও তা শনাক্ত করা যায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৬:১৯
হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে দেহ ভেসে আসছে ভারতেও।

হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে দেহ ভেসে আসছে ভারতেও। ছবি: পিটিআই।

নেপালে হড়পা বান বিপর্যয়ে মৃতদের দেহ ভেসে আসছে ভারতেও। উত্তরপ্রদেশের সীমান্তঘেঁষা দুই জেলা থেকে মোট সাতটি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। নেপাল থেকে বয়ে আসা নদীতেই দেহগুলি ছিল। জেলা প্রশাসন মনে করছে, নেপালের বিপর্যয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন। নিখোঁজদের তালিকায় ওই সাত জন আছেন কি না, স্পষ্ট নয়। কারণ, তাঁদের কাউকে এখনও শনাক্ত করা যায়নি।

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ এবং কুশীনগর জেলা দু’টিই নেপালের সীমান্ত সংলগ্ন। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার মহারাজগঞ্জের নদীতে ভাসতে দেখা যায় চারটি দেহ। সেগুলি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। ওই জেলার জেলাশাসক গৌরব সিংহ সোগরবাল বলেন, ‘‘আমাদের মনে হয়, নেপালে হড়পা বানের পর সেখান থেকে দেহগুলি ভেসে এসেছে।’’ পরে আরও তিনটি দেহ নদীতে দেখা যায় কুশীনগর জেলায়। নেপাল সীমান্ত পেরিয়ে অন্তত ৭০ কিলোমিটার ভেসে এসেছে দেহগুলি।

হড়পা বানে নেপালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে অন্যতম দক্ষিণ চিতোয়ান। তার গায়েই উত্তরপ্রদেশের এই দুই জেলা রয়েছে। দেহগুলি যাতে দ্রুত শনাক্ত করা যায়, সেই চেষ্টা চালাচ্ছেন জেলা প্রশাসন।

গত বুধবার নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসে। জল আর কাদামাটির বিপুল স্রোত ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু সব ভেসে গিয়েছে। বিপর্যয়ের পর এখন চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫৩৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও হাজারের বেশি মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মধ্যে অনেক ভারতীয়ও রয়েছেন। কেউ নেপালে ঘুরতে গিয়েছিলেন, কেউ গিয়েছিলেন কাজে। কৈলাস-মানস সরোবর দর্শনে যাওয়া অনেক পর্যটক নিখোঁজ নেপালে।

নেপাল সরকার বিদেশি উদ্ধারকারীদের ঢুকতে দেয়নি। তাদের সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনই উদ্ধারকাজ চালাচ্ছে। ভারত, চিন-সহ একাধিক দেশ উদ্ধারকারী দল নেপালে পাঠাতে চেয়েছিল। কাঠমান্ডু তাতে রাজি হয়নি। তবে ত্রাণ এবং অর্থসাহায্য চেয়েছে বলেন্দ্র শাহের সরকার।

সংক্ষেপে
  • ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
  • বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
  • হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
Flash flood Nepal Uttar Pradesh Body Recovered

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy