Advertisement
E-Paper

ওয়েব সিরিজ় দেখে দিল্লিতে স্ত্রীকে খুন ইঞ্জিনিয়ারের! পোশাক বদলান, স্নান করেন, ১২ লক্ষ টাকা নিয়ে পালান

কমলকে জেরা করে পুলিশ জানতে পারে একটি জমি কেনার কথা চলছিল। সেটি কমল চাইছিলেন তাঁর বাবার নামে রেজিস্ট্রি করতে। কিন্তু স্ত্রী কোমল সেই জমির ভাগ চেয়ে বসেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ১৬:৪৯
ইংরাজি ওয়েব সিরিজ় দেখে স্ত্রীকে খুন দিল্লিতে। প্রতীকী ছবি।

ইংরাজি ওয়েব সিরিজ় দেখে স্ত্রীকে খুন দিল্লিতে। প্রতীকী ছবি।

দিল্লিতে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। তার পর তিনি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে হত্যায় ব্যবহৃত অস্ত্র জঙ্গলে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান। যাওয়ার সময় ঘর থেকে ৫ লক্ষ টাকা নগদ নিয়ে যান। শুধু তা-ই নয়, এটিএম থেকে আরও ৭ লক্ষ টাকা তোলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। নেপালে পালানোর আগেই তাঁকে ধরে ফেলে পুলিশ।

মৃতার নাম কোমল সিংহ। পুলিশ সূত্রে খবর, সম্পত্তির বিবাদের এই খুন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। স্ত্রী কোমলকে কী ভাবে খুন করা যায়, খুনের পর কী ভাবে প্রমাণ লোপাট করা যায়, সব কিছু ইংরেজি ওয়েব সিরিজ় ‘দ্য স্টেয়ারকেস’ দেখে পরিকল্পনা করেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার কমল সিংহ।

পুলিশ জানিয়েছে, গত ৩০ জুলাই বাড়িতে দু’জনেই ছিলেন। দম্পতির পুত্র লাইব্রেরিতে গিয়েছিল। তাঁদের কন্যা ছিলেন অফিসে। পরিচারিকা কাজ সেরে চলে গিয়েছিলেন। দুপুর পৌনে ১টা নাগাদ কোমল জামাকাপড় শুকোতে ব্যালকনিতে যান। সেই সময় কমল পিছন থেকে স্ত্রী কোমলের মাথায় তরোয়াল দিয়ে আঘাত করেন। কমল ভেবেছিলেন অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হবে। কিন্তু প্রথম আঘাতে তাঁর মৃত্যু হয়নি। কোমল চিৎকার করতে থাকেন। ছুটে রান্নাঘরে ঢুকে পড়েন। তাঁকে সেখান থেকে টেনে বার করে কাঁচি দিয়ে পেট ও বুকে একাধিক কোপ মারেন কমল। তার পর রক্তমাখা পোশাক বদলান। ব্যাগে সেই পোশাক এবং তরোয়াল ভরেন। ১৫ মিনিট ধরে স্নান করেন। আলমারি খুলে স্ত্রী জমানো ৫ লক্ষ টাকা নেন। তার পর স্কুটার নিয়ে বাড়ি ছেড়ে পালান।

দম্পতির পুত্র গৌরব বাড়িতে ফোন করে। মাকে ফোন করে না পেয়ে বাড়ি ফিরে আসে রাত সওয়া ৯টায়। ঘরে ঢুকে দেখে কোমল রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে। পাশেই পড়ে রয়েছে রক্তমাখা কাঁচি। বাবাকে ফোন করে গৌরব। কিন্তু ফোন তুলছিলেন না তিনি। পুলিশকে ফোন করে সে। দিদিকেও ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। এলাকার সিসি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ। কমলকে স্কুটার নিয়ে হন্তদন্ত হয়ে বার হতে দেখা যায়। পুলিশকে বিভ্রান্ত করার জন্য কমল ফোন চালু রাখেন। গোরক্ষপুর পর্যন্ত যান। তার পর ফোন বন্ধ করে দেন। পুলিশের সন্দেহ হয় কমলকে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। মথুরা রেলস্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কমলকে জেরা করে পুলিশ জানতে পারে একটি জমি কেনার কথা চলছিল। সেটি কমল চাইছিলেন তাঁর বাবার নামে রেজিস্ট্রি করতে। কিন্তু স্ত্রী কোমল সেই জমির ভাগ চেয়ে বসেন। তা নিয়ে দু’জনের মধ্যে টানাপড়েন চলছিল। তার পরই স্ত্রীকে সরিয়ে দেওয়ার ছক করেন কমল। কী ভাবে কোমলকে সরানো যায়, কী ভাবে প্রমাণ লোপাট করা যায়, তার জন্য তিনি একটি ওয়েব সিরিজ় দেখে সেই পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের দাবি।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy