Advertisement
E-Paper

সাতপাকে দিগ্বিজয়-অমৃতা

বিয়েটা সেরেই ফেললেন দিগ্বিজয় সিংহ। সাংবাদিক অমৃতা রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এত দিন সোশ্যাল মিডিয়ায়-চ্যানেলে কম চর্চা হয়নি। গত বছর ভোটের বাজারে ইন্টারনেটে দু’জনের অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে গিয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩
অন্তরঙ্গ। দেড় বছর আগে ফাঁস হওয়া ছবির একটি।

অন্তরঙ্গ। দেড় বছর আগে ফাঁস হওয়া ছবির একটি।

বিয়েটা সেরেই ফেললেন দিগ্বিজয় সিংহ।

সাংবাদিক অমৃতা রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এত দিন সোশ্যাল মিডিয়ায়-চ্যানেলে কম চর্চা হয়নি। গত বছর ভোটের বাজারে ইন্টারনেটে দু’জনের অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে গিয়েছিল। সেই কোলাজ দেখার পর আর চুপ থাকেননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রণয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন টুইটারে।

রাজনীতিকদের অনেকেই আজ বলছেন, প্রেম যে পরিণয়ে গড়াবে— ইঙ্গিত মিলেছিল সেই দিনই। বিয়েটা ছিল কেবল সময়ের অপেক্ষা। রবিবার সকালে আগল খুললেন অমৃতা নিজে। ফেসবুকে জানালেন, হিন্দু রীতি মেনে তাঁকে বিয়ে করেছেন দিগ্বিজয়। তবে অনুষ্ঠানটা হয়েছে গত মাসে, ঘরোয়া ভাবে। পরে বিয়ে রেজিস্ট্রিও হয়েছে।

কোথায় হল বিয়ে? চার মেয়ে-এক ছেলের বাবা, ৬৮ বছরের দিগ্বিজয় আর ৪৪ বছরের অমৃতার বিয়েতে অতিথি কারা ছিলেন? খুলে বলেননি অমৃতা। তবে কংগ্রেসের ‘দিগ্গি রাজা’র ঘনিষ্ঠ সূত্রে স্বীকার করে নেওয়া হয়েছে বিয়ের খবর। শোনা যাচ্ছে, তিনি এখন আমেরিকায়। আর রাজ্যসভা টিভির পরিচিত মুখ অমৃতাও এখন ছুটিতে।

সাংবাদিকতার সূত্রেই দিগ্বিজয়ের সঙ্গে আলাপ অমৃতার। আলাপ গড়ায় প্রেমে। তত দিনে দু’জনের জীবনেই উথালপাথাল এসেছে। ২০১৩-য় ক্যানসারে মারা গিয়েছেন দিগ্বিজয়ের স্ত্রী আশা সিংহ। অমৃতাও স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের। এই অবস্থায় বছর দেড়েক আগে অমৃতার কম্পিউটার থেকে দু’জনের ঘনিষ্ঠতার ছবি চুরি করে ইন্টারনেটে ছেড়ে দেয় হ্যাকাররা। মুখরোচক চর্চা শুরু হয় গোটা দেশে। এমনকী ইউটিউবে অমৃতার ভিডিও-র নীচেও লেখা হয় আপত্তিকর মন্তব্য। আজ ফেসবুকে সেই যন্ত্রণার কথা লিখেছেন অমৃতা। বলেছেন, ‘‘গত দেড় বছর খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। সাইবার অপরাধের শিকার হলাম আমি। সেই আমাকেই অপরাধী বানানো হল। ভালবাসা সম্পর্কে যাদের কোনও ধারণা নেই, তারা আমাকে আক্রমণ করে গিয়েছে অশালীন ভাষায়। আমি টুঁ শব্দটি করিনি।’’

অমৃতার ফেসবুক পোস্ট দেখে অনেকেরই অবশ্য মনে হয়েছে, তাঁর প্রেমের মতো বিয়ে নিয়েও বক্রোক্তি উড়ে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অমৃতা। বিশেষ করে, তাঁর ও দিগ্বিজয়ের বয়সের ফারাক নিয়ে বিভিন্ন মহলে আজ দিনভর চর্চা চলেছে। উদাহরণ টানতে গিয়ে কেউ বলেছেন হলিউড দম্পতি মাইকেল ডগলাস ও ক্যাথরিন জিটা-জোন্সের কথা। তাঁদের বয়সের ব্যবধান ২৫ বছর। ৮৪ বছরের ধনকুবের, মিডিয়া সম্রাট রুপার্ট মার্ডক ও তাঁর ৪৬ বছরের স্ত্রী ওয়েন্ডি ডেংয়ের কথা বলেছেন কেউ। কেউ আবার চার্লি চ্যাপলিনের কাহিনি হাজির করেছেন। অষ্টাদশী উনা ও’ নিলকে বিয়ের সময় চ্যাপলিনের বয়স ছিল ৫৪। উনার আটটি সন্তানের পিতা হয়েছিলেন চ্যাপলিন।

আবার ভারতীয় রাজনীতির কালো ইতিহাসও উঠে এসেছে চর্চায়। যেখানে কেন্দ্রীয় চরিত্র বিতর্কিত কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারি। ২০০৮-এ জনৈক রোহিত শেখর দাবি করেন, তিনি তিওয়ারির সন্তান। তাঁর মা উজ্জ্বলা শর্মাকে তিওয়ারি বিয়ে করেননি। মামলা শুরু হয়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা দিয়ে রোহিতের পিতৃত্ব মেনে নিতে হয় তিওয়ারিকে। ঘরোয়া অনুষ্ঠানে উজ্জ্বলাকে বিয়েও করেন। তিওয়ারি তখন ৮৮, উজ্বলা ৬৭।

তবে সে ছিল এক ‘কেলেঙ্কারি’র কাহিনি। দিগ্বিজয়-অমৃতার সম্পর্কে ওই ছবি ফাঁস হওয়া বাদে আর কোনও অস্বস্তির উদয় হতে দেখা যায়নি। এমনকী অমৃতার স্বামীও বলেছিলেন, পরস্পরের সম্মতিতেই তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। কারও ব্যক্তিগত জীবন নিয়ে হইচই করার কিছু নেই।

আজ অমৃতাও লিখেছেন, ‘‘এই বিয়ের পিছনে অনেকে হয়তো অভিসন্ধি খুঁজবেন। শুধু সময়ই তাঁদের উত্তর দিতে পারে।’’ এ-ও জানিয়েছেন, সম্পত্তি চান না। ছেলে-মেয়েদেরই তা ভাগ করে দিতে বলেছেন দিগ্বিজয়কে। কারণ ভালবেসেই জড়িয়েছেন নতুন বন্ধনে। এ বার নতুন পথটা পাড়ি দিতে চান দিগ্বিজয়ের হাত ধরে।

অমৃতার চাওয়া বলতে এখন এইটুকুই।

Digvijaya Singh Amrita Rai TV Congress america twitter MostReadStories

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy