রাতভর টানা বৃষ্টির জেরে হড়পা বান নেমে এল জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রজৌরি-সহ বেশ কয়েকটি জেলায়। হড়পা বানের জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। নিখোঁজ অনেকে। তবে নিখোঁজ এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতর ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করায় আতঙ্ক বাড়ছে জেলাগুলিতে।
জম্মুর রজৌরিতে রবিবার সকালে হড়পা বান নেমে আসে। নদীগুলিতে জলের স্তর বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। দু’পার ছাপিয়ে নদীর জল নিচু এলাকাগুলিতে ঢুকতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুহূর্তে মুহূর্তে জলস্তর বাড়ছে। ফলে অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। হড়পা বানের জেরে রজৌরিতে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। গাড়িও ভেসে গিয়েছে। এক মহিলা জলের তোড়ে ভেসে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন:
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দারখালি, খান্ডলি, সুখতো এবং জমোলার মতো জেলার বড় নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। দরখালি নদীর জল বসতি এলাকায় ঢুকে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে। জেলা প্রশাসনগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। অন্য দিকে, পুঞ্চেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। গত ২৪ ঘণ্টায় রজৌরিতে বৃষ্টি হয়েছে ১০৩ মিলিমিটার। পুঞ্চে ৭৭ মিমি, উধমপুরে ১০১ মিমি, কাটরায় ৮৫ মিমি বৃষ্টি হয়েছে।