সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) বিলটি নিয়ে সংসদে আলোচনা শুরু হতে পারে। আজ মিজ়োরামের মুখ্যমন্ত্রী লালডুহোমাকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছে, অধিবেশনের শেষ দু’দিনে ওই বিতর্কিত বিলটি পাশ করানোর পরিকল্পনা কেন্দ্রের।
গত মার্চে বাজেট অধিবেশনের সময়ে বিলটি লোকসভায় পেশ করা হয়েছিল। মূলত বিদেশ থেকে আসা অর্থের সাহায্যে যে সব ব্যক্তি বা সংস্থা এ দেশে ধর্মান্তরণে সক্রিয়, তাদের আটকাতে বিদেশি অনুদান আইনে সংশোধনী আনে কেন্দ্র। কিন্তু মূলত খ্রিস্টান সংগঠনগুলি ওই বিলের একাধিক শর্ত নিয়ে আপত্তি জানায়।
বাদল অধিবেশনে ওই বিলটি পাশ করানো নিয়ে ফের তৎপরতা শুরু হওয়ায়, আজ নিজেদের আপত্তি জানাতে সংসদে শাহের সঙ্গে বৈঠক করেন খ্রিস্টান অধ্যুষিত মিজ়োরামের মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ‘‘ওই বিলে বলা হয়েছে, কোনও সংস্থা যদি বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংক্রান্ত শংসাপত্র নবীকরণে কোনও বছরে ব্যর্থ হয়, বা শংসাপত্র বাতিল হয়ে যায়, তা হলে ওই সংস্থার যাবতীয় সম্পত্তি সরকার দখল করে নেবে। ওই শর্ত প্রত্যাহারের দাবি জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।’’