পহেলগামে জঙ্গিহামলার পর প্রথম মুখোমুখি সাক্ষাতে কোন প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ঘটনার প্রায় ১৬ মাস পর তা প্রকাশ্যে আনলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
একটি বেসরকারি টিভি চ্যানেলের ডকুসিরিজ়-এ ডোভাল জানিয়েছেন, পহেলগামে জঙ্গি হামলার পরেই সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নেমেই জরুরি বৈঠকে বসেন। ডোভালের কথায়, “প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে আনতে গিয়েছিলেন বিদেশসচিব। তার পর বিমানবন্দরেই আমরা বৈঠকে বসি। প্রথমেই তিনি (পহেলগাম হত্যাকাণ্ড) সব তথ্য জানতে চান।”
ডোভালের সংযোজন, “প্রধানমন্ত্রী প্রথমেই আমায় যে প্রশ্নটি করেছিলেন, তা হল, এটা কারা করল? এই ঘটনার জন্য কারা দায়ী? দোষীদের সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত। আমি এখনই এটা জানতে চাই।”
পহেলগামের জঙ্গিহামলার পর ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়েও মুখ খুলেছেন ডোভাল। তিনি জানিয়েছেন, পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করতেই ওই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ হিসাবে পরিচিত পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গিহানায় নিহত হয়েছিলেন ২৬ জন। সেই হত্যালীলার প্রত্যাঘাত হিসাবে ‘অপারেশন সিঁদুর’-এর পরিকল্পনা করে ভারত। ৬ মে রাত ১টা থেকে দেড়টার মধ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা! এর মধ্যে ছিল মুজফ্ফরাবাদ, কোটলি, বহওয়ালপুর, রাওয়ালকোট, চক্সওয়ারি, ভিম্বার, নীলম উপত্যকা, ঝিলম এবং চকওয়াল।