বিক্ষোভের সময়ে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া। বলা হয়েছে, বিক্ষোভের খবর সংগ্রহের সময়ে সাংবাদিকদের বৈধ পরিচয়পত্র, প্রয়োজনে পিআইবি বা ডিআইপি স্বীকৃতির পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
ঘটনাচক্রে, দিল্লি পুলিশ এই পরিচয়পত্রই বার বার চেয়ে সাংবাদিকদের বাধা দিয়েছে সম্প্রতি। নির্দেশিকা অনুযায়ী, পুলিশের কাছে শান্ত ভাবে পরিচয় দিতে হবে। বিক্ষোভে অংশগ্রহণ, কোনও পক্ষের হয়ে স্লোগান দেওয়া বা পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমন আচরণ থেকে বিরত থাকতে হবে। মানতে হবে পুলিশের আইনসম্মত নির্দেশ। বিক্ষোভস্থলে সংঘর্ষের আশঙ্কা থাকলে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে রাখতে বলা হয়েছে একটি কিট। তাতে থাকবে চিকিৎসার সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধ, জল, প্রোটিনসমৃদ্ধ খাবার, টর্চ, তোয়ালে এবং সানগ্লাস। কাঁদানে গ্যাসের ক্যানিস্টার, ফ্ল্যাশ-ব্যাং বা গ্রেনেডে হাত দিতে নিষেধ করা হয়েছে। একা কাজ করলে নিজের অবস্থান ও ফেরার সম্ভাব্য সময় সম্পাদক বা পরিচিতকে জানিয়ে রাখতে হবে।
বিক্ষোভের খবর করার সময়ে একাধিক সূত্র থেকে তথ্য যাচাই করতে হবে ও অভিযোগ, মতামত ও প্রমাণিত তথ্যের মধ্যে স্পষ্ট পার্থক্য রাখতে হবে। নিরাপত্তার কারণে পুলিশের অবস্থান, কৌশলগত গতিবিধি সম্পর্কে সরাসরি সম্প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। আহত ব্যক্তি, শিশু ও বিপন্ন মানুষের ছবি প্রকাশের ক্ষেত্রেও তাঁদের গোপনীয়তা ও নিরাপত্তা মাথায় রাখতে হবে।