Advertisement
E-Paper

কোচিং ক্লাসের পিকনিকে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল পুণের আট ছাত্র! আরব সাগরের তীরে দুর্ঘটনা, উদ্ধার দেহ

পুণের একটি কোচিং সেন্টার থেকে ৪৮ জনের দল পিকনিক করতে গিয়েছিল রায়গড়ের সমুদ্রসৈকতে। জলের তোড়ে ভেসে যায় আট জন ছাত্র। পরে তাদের দেহ উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ২১:১০
মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্রসৈকতে পুণের আট ছাত্র তলিয়ে গিয়েছে।

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্রসৈকতে পুণের আট ছাত্র তলিয়ে গিয়েছে। ছবি: পিটিআই।

কোচিং ক্লাস থেকে সকলে মিলে পিকনিক করতে গিয়েছিল। আট ছাত্র তলিয়ে গেল সমুদ্রে! পুণের ওই ছাত্রেরা স্নান করতে গিয়ে পার থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিল বলে মনে করছে পুলিশ। ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছে। পরে আট জনেরই দেহ উদ্ধার করা হয়।

পুণের আলান্দি এলাকার জনপ্রিয় কোচিং সেন্টার উইনার্স অ্যাকাডেমি। মহারাষ্ট্রের রায়গড়ের দিবেআগর সমুদ্রসৈকতে পিকনিক করতে গিয়েছিল সেখানকার ছাত্রছাত্রীরা। পুলিশ জানিয়েছে, পিকনিকের দলটিতে মোট ৪৮ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৫ জন ছাত্র, ১৭ ছাত্রী। এ ছাড়া ছিলেন ছ’জন শিক্ষকও। অভিযোগ, সমুদ্রে নেমে স্নান করছিলেন অনেকেই। কয়েক জন বেশ কিছুটা দূরে চলে যায়। সেখানে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও ছিল বেশি। পুলিশের এক আধিকারিকের মতে, ওই অংশে সমুদ্রের গভীরতা বুঝতে পারেনি ছাত্রেরা। জলের স্রোতও আন্দাজ করতে পারেনি। সেই কারণেই অঘটন ঘটেছে।

আট জন যে নিখোঁজ, বেশ কিছু ক্ষণ পরে তা টের পান পিকনিকের বাকিরা। তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। স্থানীয়েরাও তাতে হাত লাগিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ এক এক করে আট জনকে তাঁরা উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাদের বোরলির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের প্রত্যেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র, বয়স ১৬ বছরের কাছাকাছি। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃতেরা হল তন্ময় দত্তত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বাঁসোদে, কৈবল্য সতীশ ওয়াসঙ্কর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভাান্ডোয়ালকার এবং কৌস্তুভ সন্দীপ দাউন্দ।

দিবেআগর রায়গড়ের জনপ্রিয় সমুদ্রসৈকত। পুণে থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরের এই সৈকতকে অনেকেই পিকনিক করার আদর্শ জায়গা হিসেবে বেছে নেন। বৃহস্পতিবারের এই মর্মান্তিক পরিণতি জায়গাটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘এটা অত্যন্ত দুঃখজনক, হৃদয়বিদারক একটা ঘটনা। স্থানীয় প্রশাসন মৃতদের দেহ আলান্দিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।’’

Pune Maharashtra Sea Beach

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy