‘এ যুগের গান্ধী’। ‘নায়ক’। সমাজমাধ্যমে এই সব প্রশংসা দেখে বিচলিত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘আমি গান্ধী নই। নায়কও নই। সাধারণ মানুষ। নিজে নিজের নায়ক হোন।’’ শনিবার দিল্লির যন্তর মন্তরে তাঁর অনশন কর্মসূচি ১৪ দিনে পড়ল।
নিট-ইউজি-সহ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২২ দিন যন্তর মন্তরে ধর্না চালাচ্ছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরা। সোনম গত দু’সপ্তাহ ধরে সেই মঞ্চে অনশন করছেন। শুক্রবার তিনি জানান, বহু মানুষের সমর্থন পাচ্ছেন। কিন্তু দু’ধরনের মন্তব্য তাঁকে বিচলিত করেছে। কেউ কেউ তাঁকে একবিংশ শতকের মোহনদাস কর্মচন্দ গান্ধী বা আধুনিক গান্ধী বলছেন। একাংশ আবার বলছেন নায়ক। এই প্রেক্ষিতে সোনম এক্স-এ লিখেছেন, ‘এই সমস্ত মন্তব্য আমাকে বিচলিত করেছে। আমি গান্ধীও নই, নায়কও নই। সাধারণ নাগরিক। নিজের দায়িত্ব পালন করছি মাত্র। দয়া করে অন্যের মধ্যে নায়ক খুঁজবেন না। নিজের জীবনের নায়ক নিজে হোন। নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করুন’। আগামী ২০ জুলাই সংসদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সিজেপি। সোনম জানান, সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলার পরিকল্পনা রয়েছে তাঁদের। যাতে সাংসদেরা অধিবেশনে শিক্ষা ক্ষেত্রে অনিয়মের বিষয়গুলি তুলে ধরেন। সিজেপির আরও দাবি, পরীক্ষায় অনিয়মের জেরে যাঁরা আত্মহনন করেছেন তাঁদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিক সরকার।
শনিবার অভিনেতা প্রকাশ রাজ ধর্নামঞ্চে সোনমের সঙ্গে দেখা করেন। উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতা দেন তিনি। পরে সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেন। গায়িকা চিন্ময়ী শ্রীপদা সোনমকে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। সংবাদ সংস্থা