তেলঙ্গানায় যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হল চার যাত্রীর। আহত আরও অনেক যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে অনন্তগিরি ঘাট রোডে।
পুলিশ জানিয়েছে, বেসরকারি ওই বাসে ৫০-৫৪ জন যাত্রী ছিলেন। বাসটি চিন্তকুন্টা যাচ্ছিল। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসটিকে ভাড়া করা হয়েছিল। সঙ্গারেড্ডি জেলার পাটানচেরু থেকে যাত্রীদের নিয়ে রওনা হয় বাস। ভিকারাবাদ জেলায় অনন্তগিরি ঘাট রোডের কাছে একটি বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি পাল্টি খেয়ে রাস্তার ধারে গিয়ে পড়ে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও এক মহিলার। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ভিকারাবাদ জেলার পুলিশ সুপার স্নেহা মেহরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটি বেপরোয়া ভাবে ছুটছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার সব রকম বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।