প্রতীক্ষার অবসান। বারাসত থেকে শিয়ালদহ লাইনে সফর শুরু এসি লোকালের। বাতানুকূল ট্রেনে প্রথম দিনে সওয়ার হওয়ার উদ্দীপনা দেখা গেল যাত্রীদের মধ্যে। কেউ সপরিবার এই প্রথম বার এসি লোকালে চাপলেন। কেউ আবার স্ত্রীকে দেওয়া কথা রাখলেন এসি লোকালে উঠে!
উত্তর ২৪ পরগনার বারাসত থেকে কলকাতার শিয়ালদহ পর্যন্ত এসি লোকালের ভাড়া ৬০ টাকা। ট্রেনটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। কলকাতাগামী যাত্রীদের সঙ্গে সঙ্গে হাসনাবাদ শাখার নিত্যযাত্রীরাও এই পরিষেবার ফলে উপকৃত হবেন।
শিয়ালদহ–বনগাঁ শাখায় একটি এসি লোকাল পরিষেবা আগেই চালু হয়েছে। তবে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহে যাতায়াত করে সেটি। এ বার শুধু বারাসাত থেকে এসি লোকাল চালু হল। ট্রেনটি মধ্যমগ্রাম, বিরাটি হয়ে শিয়ালদহ পৌঁছোবে।
সোমবার বহু যাত্রী প্রথম বার এসি লোকালে চড়ে ট্রেনযাত্রা উপভোগ করেছেন। দিনের ব্যস্ত সময়ে এসি লোকাল পরিষেবা চালু হওয়ায় নিত্যযাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
প্রথম দিনে যাত্রীদের মধ্যে ছিলেন বারাসাতের বাসিন্দা দেবব্রত বসু। তাঁর স্ত্রী দেবাঙ্গীকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বারাসত থেকে এসি লোকাল চালু হলে, প্রথম দিনেই সপরিবার কলকাতা যাবেন। কথা রাখতে ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক আগে বারাসত স্টেশনে পৌঁছে যান তিনি। চার জনের টিকিট কেটেছেন। বারাসত থেকে সকাল ১০টা ৫৪ মিনিটে ছাড়া প্রথম এসি লোকালের যাত্রী দেবাঙ্গী বসেছিলেন জানালার ধারের আসনে। জানালার কাচে বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে দেবব্রতের স্ত্রী বলেন, ‘‘কলকাতায় যা গরম পড়ে এই ট্রেনের দরকার ছিল। স্বামী বলেছিলেন, এসি লোকাল চালু হলে প্রথম দিনেই সপরিবার কলকাতা যাব। আজ সেই দিন।’’ হেসে ফেলেন দেবাঙ্গী। স্বামী জানালেন, এমন পরিষেবা পেয়ে তাঁর মতো যাত্রীরা ভীষণ খুশি। কিন্তু ভাড়া যদি আর একটু কম হত, পকেটের দিকটাও দেখা যেত।
আরও পড়ুন:
রেল সূত্রে খবর, পরিষেবা শুরুর দিন যাত্রী সমাগম ভালই হয়েছে। এসি লোকালের উদ্বোধনে উপস্থিত ছিলেন রেলের শীর্ষ আধিকারিকেরা, ছিলেন বারাসাতের নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়।