Advertisement
E-Paper

এ বার ভেঙে গেল গোবরডাঙার পুরবোর্ড! চেয়ারম্যান বললেন, ‘ঠিকঠাক পরিষেবা দিতে পারছিলাম না’

সোমবার গোবরডাঙা পুরসভার এগ্‌জিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ১০ তৃণমূল কাউন্সিলর। শুক্রবার ইস্তফা দিয়েছিলেন চার জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৯:৩৬
Gobardanga municipality board dissolved

গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দত্ত। —নিজস্ব চিত্র।

ভেঙে গেল উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম প্রাচীন গোবরডাঙা পুরসভা বোর্ড। পদত্যাগ করলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ মোট ১৪ জন কাউন্সিলর। চেয়ারম্যান শঙ্কর দত্ত জানিয়েছেন, পুরসভার পরিষেবা যাতে ব্যাহত না হয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার গোবরডাঙা পুরসভার এগ্‌জিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ১০ তৃণমূল কাউন্সিলর। শুক্রবার ইস্তফা দিয়েছিলেন চার জন। গোবরডাঙা পুরসভার মোট ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ছিল তৃণমূলের দখলে। একটি ওয়ার্ডে রয়েছেন বাম কাউন্সিলর।

এখনও পর্যন্ত গোবরডাঙা পুরসভার ১৪ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেও ৬ এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইস্তফা দেননি। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যে তাঁরাও ইস্তফা দেবেন। তৃণমূলের যে কাউন্সিলরেরা ইস্তফা দিয়েছেন, তাঁদের মধ্যে কেউ জানিয়েছেন, অসুস্থতার কারণে ছাড়ছেন। কেউ জানিয়েছেন, কাজ করতে পারছেন না। গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, ‘‘নির্বাচনে মানুষ আমাদের চায়নি। আমরা ঠিকঠাক পরিষেবা দিতে পারছিলাম না। শারীরিক অসুস্থতাও রয়েছে। পুর পরিষেবা যাতে ব্যাহত না হয়, তাই পদত্যাগ করলাম।’’ তিনি আরও বলেন, ‘‘এতদিন গোবরডাঙার বাসিন্দারা আমাদের কাজ করার যে সুযোগ দিয়েছেন, তার জন্য কুর্নিশ জানাই।’’

রাজ্যে পালাবদলের পরে কলকাতা পুরবোর্ড ভেঙে গিয়েছে। তার পরে একে একে বিভিন্ন জেলার বেশ কয়েকটি পুরবোর্ড ভেঙে গিয়েছে। এ বার উত্তর ২৪ পরগনার গোবরডাঙার পুরবোর্ডও ভেঙে গেল।

Gobardanga Municipality

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy