Advertisement
E-Paper

যাদবপুরের পর নোটা-র দাপট প্রেসিডেন্সিতেও

কয়েক দিন আগে এ রাজ্যের ছাত্রভোটে খাতা খুলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার-ছয় হাঁকিয়েছিল ‘নোটা’। সোমবার তাকে স্বমূর্তিতে দেখা গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। শুধু ছাত্র সংসদের পাঁচ কর্তা-কর্ত্রীর পদেই নোটায় ভোট পড়েছে ৫৮৩টি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০৩:৪৫

কয়েক দিন আগে এ রাজ্যের ছাত্রভোটে খাতা খুলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার-ছয় হাঁকিয়েছিল ‘নোটা’। সোমবার তাকে স্বমূর্তিতে দেখা গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। শুধু ছাত্র সংসদের পাঁচ কর্তা-কর্ত্রীর পদেই নোটায় ভোট পড়েছে ৫৮৩টি। ক্লাস-প্রতিনিধি নির্বাচনে নোটা কত ভোট পেয়েছে, তা এ দিন জানা যায়নি।

প্রেসিডেন্সি সূত্রের খবর, ভোট দিতে আসা পড়ুয়ার সংখ্যা ছিল বেশ কম। খাতায়-কলমে ভোটার-সংখ্যা ২৪৭৮। এসেছিলেন ১৪৩০ জন। অর্থাৎ মোট পড়ুয়ার মাত্র ৫৮ শতাংশ ভোট দিয়েছেন। মোট ভোটের নিরিখে নোটা (ভোটাধিকার প্রয়োগ করেই তালিকার কোনও প্রার্থীকে পছন্দ নয় বলে জানিয়ে দেওয়া)-র একক প্রাপ্তি খুবই উল্লেখযোগ্য। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, ছাত্র সংসদের সভাপতি-পদে ১১৭টি, সহ-সভাপতির পদে ১২৮টি, সাধারণ সম্পাদক-পদে ১৩৮টি, সহকারী সাধারণ সম্পাদক পদে ১৭১টি এবং ছাত্রীদের কমন রুমের সম্পাদিকার পদে ২৯টি ভোট পড়েছে নোটায়।

ছাত্র সংসদ এ বারেও ধরে রেখেছে নির্দল ইন্ডিপেন্ডেন্টস কনসলিডেশন (আইসি)। ছাত্র সংসদের পাঁচটি পদই দখল করেছে তারা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এসএফআই। ক্লাস-প্রতিনিধি নির্বাচনে ১০২টির মধ্যে ৬৩টি আসন পেয়েছে আইসি। এসএফআইয়ের দাবি, ছাত্র সংসদের বিভিন্ন পদে গত বছরের তুলনায় এ বার আইসি-র সঙ্গে তাঁদের প্রার্থীদের ভোটের ব্যবধান অনেকটাই কমেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এ দিন কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন প্রক্রিয়া চলে। বাইরের কাউকেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। সময় পেরিয়ে যাওয়ায় বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র না-থাকায় ভোট দেওয়ার জন্য ঢুকতে পারেননি কিছু পড়ুয়া। ফটক টপকে কয়েক জন ঢুকলেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি।

কম ভোটের ব্যাপারটা ভাবাচ্ছে শিক্ষা শিবিরকে। এ বার কম ভোট পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও। তবে শিক্ষা মহলের মতে, কলকাতা ও প্রেসিডেন্সির ছাত্রভোটের আবহ এক নয়। ভোটের কয়েক দিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে টিএমসিপির গোষ্ঠী-দ্বন্দ্বের জেরে সংঘর্ষ বেধেছিল। তাতে সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ পড়ুয়ারা। সেটা ভোটের দিন কম হাজিরার অন্যতম প্রধান কারণ। কিন্তু প্রেসিডেন্সিতে কম হাজিরার এমন কারণ ছিল না। তবু ভোটে সে-ভাবে সাড়া মেলেনি।

ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে (কলেজ) ফের জিতেছে এসএফআই। ২২টি আসন পেয়েছে টিএমসিপি।

NOTA Presidency University Students Union Vote Jadavpur University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy