সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এসএসসি যে নতুন পরীক্ষা নিয়ে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, তা ৩১ অগস্টের মধ্যে শেষ করতে হবে। না হলে ফের চাকরিহারা হবেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা।
চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, নবম-দশম একাদশ-দ্বাদশের নিয়োগ এখনও মাঝামাঝি স্তরেও পৌঁছয়নি। ৩১ অগস্টের মধ্যে কি নিয়োগ শেষ হবে? যদিও শিক্ষামন্ত্রী দীপক বর্মণ রবিবার বললেন, ‘‘যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা ৩১ অগস্টের মধ্যে শেষ করব বলে লক্ষ্য স্থির করেছি। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াও দ্রুত শুরু করতে সরকার তৎপর।’’ তবে এই আশ্বাসের পরেও চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রশ্ন, যেখানে এখনও এক জনও নিয়োগপত্র পাননি, সেখানে কী ভাবে এক মাস দশ দিনে পুরো প্রক্রিয়া শেষ হবে?
যোগ্যরা জানাচ্ছেন, নতুন নিয়োগ-প্রক্রিয়ায় একাদশ-দ্বাদশ স্তরের ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে এবং ৩৫টি বিষয়ের মধ্যে ২১টি বিষয়ের সুপারিশপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে একাদশ-দ্বাদশ স্তরে ৩৫০০-র কিছু বেশি জন সুপারিশপত্র পেয়েছেন। এক চাকরিহারা শিক্ষক বলেন, ‘‘সুপারিশপত্র পেয়ে স্কুল পছন্দ হয়েছে। কিন্তু এখনও কেউ নিয়োগপত্র পায়নি। আর ১৪টি বিষয়ের প্রার্থীরা সুপারিশপত্রই পায়নি। শেষ সুপারিশপত্র দেওয়া হয়েছে ১৭ এপ্রিল। একাদশ দ্বাদশের শূন্যপদ ১২,৪৪৫টি। এখনও ৯ হাজারের সুপারিশপত্র পাওয়া বাকি।’’
নবম-দশমের নিয়োগ প্রক্রিয়া আরও অথৈ জলে, জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা। নবম-দশমে শূন্যপদ ২৩,২০৯টি। লিখিত পরীক্ষার ফল বেরোনোর পরে তথ্য যাচাই হয়েছে। এখনও তিনটি বিষয়ের তথ্য যাচাই বাকি। ইন্টারভিউ শুরুই হয়নি। ইন্টারভিউয়ের পরে মেধা তালিকা প্রকাশ, তার পর সুপারিশপত্র এবং শেষে নিয়োগপত্র প্রদান। ৩১ অগস্টের মধ্যে কী করে সম্ভব?
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা জানাচ্ছেন, নতুন যে এসএসসি হল সেখানে ১৫০০ মতো যোগ্য শিক্ষক রয়েছেন যাঁরা নবম-দশম বা একাদশ-দ্বাদশ কোনও পরীক্ষাতেই পাশ করতে পারেননি। দশ বছর স্কুলে চাকরি করার পরে তাঁরা চাকরিহারা হতে চলেছেন। তাঁদের জন্য কী ভাবছে বর্তমান সরকার? এই নিয়ে কোনও উত্তর নতুন সরকারের কাছে পায়নি।
যোগ্য চাকরিহারা মেহেবুব মণ্ডল বলেন, ‘‘সরকার নিয়োগ প্রক্রিয়া শেষের মেয়াদ ৩১ অগস্টের পরে বাড়াতে আদালতে আবেদন করবে কি না, তা-ও তো বুঝতে পারছি না।’’
আর এক চাকরিহারা শিক্ষিকা সঙ্গীতা সাহা বলেন, ‘‘আমরা চাই বিজেপি সরকার আমাদের বিষয়ে স্পষ্ট ভাবে মুখ খুলুক। আগের প্রতিশ্রুতি মেনে ২০১৬ সালের চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ারকার্যকর ব্যবস্থা নিক।’’