E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মুখ্যমন্ত্রী মমতার পাঠানো পুজোর উপহার শাড়ি ফিরিয়ে দিল বিজেপির পরিষদীয় দল

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর তরফে উৎসবের উপহার এসে পৌঁছেছিল বিধানসভায়। শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মহিলা বিধায়কদের জন্য শাড়ি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ০৭:২৮
Mamata Banerjee.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজনৈতিক উত্তাপ ডিঙিয়ে যেতে পারল না উৎসবের মেজাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপির পরিষদীয় দল।

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর তরফে উৎসবের উপহার এসে পৌঁছেছিল বিধানসভায়। শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মহিলা বিধায়কদের জন্য শাড়ি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শাড়ি ফিরিয়ে দিয়েছেন বিরোধী বিধায়কেরা। বিধানসভা সূত্রে খবর, গত সপ্তাহে তৃণমূলের মহিলা বিধায়কদের জন্য আসা উপহার বিলি করে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর বিজেপি বিধায়কদের জন্য আসা উপহারগুলি নিয়ে বিরোধী দলের ঘরে পৌঁছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা দিয়ে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির ৭ মহিলা বিধায়কের জন্য উপহারের শাড়ি ফিরে এসেছে সরকারি মুখ্য সচেতকের দফতরে।

উপহার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ব্যর্থতায় কামদুনির দোষীরা ছাড়া পেয়ে গেল। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মারা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। নারীদের উপরে অত্যাচার হচ্ছে। বিধানসভায় আমাদের কথা বলতে দেওয়া হয় না। এর পর উনি কী করে আশা করেন উনি শাড়ি দেবেন, আমরা সেই শাড়ি পরে ঘুরে বেড়াব!’’ সেই সঙ্গে তিনি জানান, তাঁদের অনুপস্থিতিতে মন্ত্রী ফিরহাদ বিরোধী দলের ঘরে শাড়িগুলি রেখে গিয়েছিলেন। বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা না করে তাঁরা শাড়ি ফিরিয়ে দিয়েছেন। অগ্নিমিত্রার মতে, তাঁদের ‘অসম্মান’ করতেই তাঁদের না জানিয়ে ওই ভাবে শাড়ি রেখে যাওয়া হয়েছিল। বিরোধীদের এই সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী ফিরহাদ বলেন, ‘‘এটা আমাদের সৌজন্যের সংস্কৃতি। বিরোধীরা তা জানেন না। কী বলার আছে!’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Mamata Banerjee Durga Puja 2023 TMC BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy