আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় ফের রিপোর্ট জমা দিল সিবিআই। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার রুদ্ধদ্বার শুনানি হয়। নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায় জানান, সিবিআই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
নির্যাতিতার পরিবারের আইনজীবীরা জানান, ম্যাজিস্ট্রেটের সামনে এখনও বাবা-মায়ের গোপন জবানবন্দি নথিবদ্ধ হয়নি। এ ছাড়াও, নির্যাতিতার পরিবার খড়দহ থানায় তাঁদের বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে ১ অক্টোবর খড়দহ থানার আইসি এবং তদন্তকারী অফিসারকে কোর্টে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত, আর জি কর মামলায় সিবিআই প্রথম দফায় যে তদন্ত করেছিল তার ভিত্তিতে সঞ্জয় রায়ের আমরণ কারাবাসের সাজা হয়েছে। কিন্তু নির্যাতিতার পরিবারের অভিযোগ, সিবিআই ঠিক মতো তদন্ত করেনি। এই ঘটনায় আরও অভিযুক্ত অধরা। প্রমাণও লোপাট করা হয়েছে। এই আর্জির ভিত্তিতে হাই কোর্ট সিবিআইকে ফের তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত শুনানিতে সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করে রিপোর্টও দিতে বলেছিল হাই কোর্ট।