অসমের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে সরব হল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সংগঠনের তরফে বলা হয়েছে, ‘২০২১-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমকে বন্যামুক্ত করার পতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পাঁচ বছর পরে ফের ভয়াবহ বন্যার মুখোমুখি অসম। এটা আসলে ডবল ইঞ্জিন সরকারের লাগামহীন প্রাকৃতিক সম্পদ লুটপাটের সরাসরি ফল।’ পাশাপাশি, বন্যা-বিপর্যস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন যথাক্রমে এসএফআই এবং ডিওয়াইএফআই। শিক্ষা সামগ্রী, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি আর্থিক সাহায্যের জন্য কিউআর কোড এবং ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে দুই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এই বিষয়ে এসএফআইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে ৯৯৩৩৬৪৬৫৫৬-এ। ত্রাণ সামগ্রী দেওয়া যাবে মৌলালিতে এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। এসএফআইয়ের রাজ্য সম্পদক দেবাঞ্জন দে বলেছেন, “৪ অগস্ট প্রথম ধাপে ট্রেন করে অসমে ত্রাণ পৌঁছনো হবে।”