কলকাতা, হাওড়া-সহ রাজ্যে বিভিন্ন পুরভোটের আগে অন্তত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার দিতেই হবে বলে এ বার পথসভায় শামিল হল বঞ্চিত ভোটার ও তাঁদের সুহৃদদের ‘সংগ্রামী গণমঞ্চ’। শুক্রবার মৌলালির মোড়ে তাঁরা জড়ো হন। এই মঞ্চের সদস্য গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা পাঁচ জন বাদ পড়া ভোটার বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে মামলা করেছেন। শুনানি ১৬ অক্টোবর হওয়ার কথা।
মঞ্চের আহ্বায়ক কুশল দেবনাথ বলেন, “দেশ জুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে যে কারণে আন্দোলন চলছে, আমাদের সদস্যরাও তার ভুক্তভোগী। আসন্ন পুরভোটের আগে এর সুরাহা না হলে আগামী ২৩ নভেম্বর বড় মাত্রায় আন্দোলন হবে। বাদ পড়া ভোটারেরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং বিভিন্ন জেলাশাসকের দফতরে ধর্না দিতে বাধ্য হবেন।” সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রমজান আলি মোল্লা, রহমতুল্লা মোল্লা, শেখ মেতাব হোসেন, মৈদুল ইসলাম মোল্লা, মহম্মদ আলমগির মোল্লা। তাঁরা ২০২৪-এর লোকসভা ভোট দেন। ২০২৬-এর ভোটে ‘বিবেচনাধীন’ হওয়ার পরে তাঁরা শুনানিতে যান। শেষে তালিকা থেকে বাদ পড়েন। এপ্রিলে ট্রাইবুনালে আর্জি জানান। বিষয়টির নিষ্পত্তি হয়নি।