আজ, সোমবার থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম শাখায় পরিষেবার সময় বাড়ছে। সকালে ৬টা ৫০ মিনিটেরপরিবর্তে ৬টায় প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। সকাল ৬টা ১৫ মিনিটে উত্তরে দমদম এবং দক্ষিণে মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দুই বিপরীত দিকের মেট্রো পাওয়া যাবে।
সোম থেকে শনিবারের মধ্যে বর্ধিত সময়ের পরিষেবা সামাল দিতে ১২টি অতিরিক্ত ট্রেন চলবে।রাতে ১০টা ৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ট্রেন ছাড়বে। রাত ১০টা ১৮ মিনিটে ওই স্টেশন থেকে মিলবে টালিগঞ্জ সংলগ্ন মহানায়ক উত্তমকুমারগামী ট্রেন। রাত সাড়ে ১০টায় দমদম থেকে মহানায়ক উত্তমকুমারমুখী অন্তিম ট্রেন ছাড়বে। দক্ষিণে রাত ১০টা ১৫ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরমুখী,সাড়ে ১০টায় ওই স্টেশন থেকেই দমদমমুখী, রাত ১০টা ২৮ মিনিটে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর এবং রাত ১০টা ৪৩ মিনিটে টালিগঞ্জ থেকে দমদমমুখী মেট্রো ছাড়বে। পূর্ব-পশ্চিম মেট্রোর ক্ষেত্রে সকাল ৬টায় হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ থেকে মেট্রো ছাড়বে। সকাল ৬টা ৯ মিনিটে সেক্টর ফাইভ থেকে এবং সকাল ৬টা ১৫ মিনিটে সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানের দিকে মেট্রোছাড়বে। রাতে সাড়ে ১০টায় হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ থেকে দু’টি ট্রেন পরস্পরের দিকে ছাড়বে। রাত ১০টা ৩৬ মিনিটে সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান অভিমুখে মেট্রো ছাড়বে।