পুলিশ পরিচয় দিয়ে দু’কোটি টাকা লুটের ঘটনায় অন্যতম অভিযুক্তকে বিহার থেকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বাবলু সিংহ। তাকে বিহারের ঔরঙ্গাবাদ থেকে মঙ্গলবার ধরা হয়েছে। ধৃতকে জেরা করে ওই ঘটনায় মূল অভিযুক্তের খোঁজ চলছে। অনুমান, মূল অভিযুক্ত ভিন্ রাজ্যের দুষ্কৃতী। ওই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে ধরা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ৪১ লক্ষ টাকা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। বুধবার ধৃতকে কলকাতায় নিয়ে এসে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
গত ১০ জুলাই টালিগঞ্জের প্রতাপাদিত্য রোডের একটি অফিসে গোয়েন্দা পরিচয় দিয়ে এক দল দুষ্কৃতী হানা দেয়। তল্লাশির নামে প্রায় দু’কোটি টাকা নিয়ে চম্পট দেয় ভুয়ো পুলিশের দল। তদন্তে জানা যায়, এর পিছনে রয়েছে ভিন্ রাজ্যের বাহিনী। যাদের সাহায্য করেছিল স্থানীয় কয়েক জন। তাদের মধ্যে তিন জনকে গ্রেফতার করার পরে বাবলুর নাম জানা যায়। তবে তার কাছ থেকে টাকা উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে।