নিকাশি-নালা সংস্কারের পর রাস্তায় ডাঁই করে রাখা মাটি সরানোর দাবিতে একটি স্কুলের অভিভাবকেরা রাজপুর-সোনারপুর পুরসভার নেতাজি সুভাষ বসু রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন। অবরোধ চলে সোমবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত। অভিযোগ, দশ দিন ধরে মাটি স্তূপ করে রাখা রয়েছে। এর জেরে রাস্তার একপাশ বন্ধ করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ওখানে একটি নার্সারি স্কুল রয়েছে। এ দিন দুই পড়ুয়া বেসামাল হয়ে নালায় পড়ে যায়। এর পরেই অভিভাবকরা রাস্তা অবরোধ করেন। পুরসভা সূত্রে খবর, নিকাশি সংস্কারের কাজ করছে পূর্ত দফতর। রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পুরসভার তরফে ওই মাটি সাফাইয়ের ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।