গয়নার দোকানে জমা দেওয়া, ক্রেতার আধার ও প্যান কার্ড খতিয়ে দেখে সন্দেহ হয়েছিল দোকানের কর্মীদের। সেই সূত্রেই দোকানের তরফে লিখিত অভিযোগ করা হয়েছিল বাগুইআটি থানায়। অভিযোগের তদন্তে নেমে মঙ্গলবার রাতে ৭০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার হয়েছে ৭ জন। এই ঘটনায় মূল অভিযুক্তের নাম রোহিত সিংহ।
পুলিশ সূত্রের খবর, এক ব্যক্তি বাগুইআটি থানা এলাকায় একটি নামী গয়না প্রস্তুতকারী সংস্থার দোকান থেকে সাড়ে ৯ লক্ষ টাকার গয়না কিনেছিলেন। পরে তিনি ফের কয়েক লক্ষ টাকার সোনার গয়না কেনার জন্য যোগাযোগ করেন। তাঁর কথা শুনে সন্দেহ হয় দোকান কর্তৃপক্ষের। নথি খতিয়ে দেখে সন্দেহ আরও বাড়ে।
পুলিশ সূত্রের খবর, অভিযোগের তদন্তে নেমে গুরুত্বপূর্ণ একাধিক সূত্র মেলে। সেই সূত্র অনুসারে মঙ্গলবার শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় বাগুইআটি থানার পুলিশ। ধরা হয় তিন জনকে। দক্ষিণ কলকাতায় একটি শপিং মল এলাকা থেকে গ্রেফতার করা হয় আরও চার ব্যক্তিকে। ঘটনার নেপথ্যে একটি বড়সড় চক্র রয়েছে বলে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রের আরও খবর, জিজ্ঞাসাবাদ ও সূত্র মারফত যে তথ্য মিলেছে তাতে প্রাথমিক অনুমান, বিভিন্ন প্রতারণার মাধ্যমে পাওয়া টাকা দিয়ে বিভিন্ন দোকান থেকে সোনা কেনা হচ্ছিল। এই কাজ সংগঠিত ভাবেই করা হচ্ছিল বলে অনুমান। সোনা কিনতে জমা দেওয়া নথিও ভুয়ো বলে মনে করা হচ্ছে। সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।