তিনটি বাম শ্রমিক সংগঠনের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটের জেরে বৃহস্পতিবার ব্যাহত হল অ্যাপ-ক্যাব, হলুদ ট্যাক্সি এবং বাইক-ট্যাক্সির পরিষেবা। রাস্তায় পুলিশি হয়রানি এবং বাণিজ্যিক পরিষেবায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার বন্ধ-সহ একাধিক দাবিতে এ দিন ধর্মঘট ডেকেছিল এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ অনুমোদিত বাম কর্মীদের পরিবহণ সংগঠন। সিটু-র পরিবহণ শ্রমিক সংগঠনও ধর্মঘটে সমর্থন জানায়।
এ দিন সকালে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ধর্মঘটীরা পথে নামেন। তাতে ওই দুই স্টেশনে পরিষেবা ব্যাহত হয়। দুপুরে ওই তিন সংগঠনের তরফে চালকেরা মিছিল করেন। পরে ওই তিন সংগঠনের নেতৃত্ব পরিবহণ দফতরে গিয়ে মন্ত্রী অর্জুন সিংহকে স্মারকলিপি দেন। সেখানে রাস্তায় ট্র্যাফিক পুলিশের যথেচ্ছ জরিমানা আদায় বন্ধ করা, হাওড়া-শিয়ালদহ স্টেশনে সিন্ডিকেট-রাজ বন্ধ করা, শহরে সিএনজি পাম্পের সংখ্যা বৃদ্ধি, ভাড়ার যথাযথ হার নির্ধারণ, অ্যাপ-ক্যাব সংস্থাগুলির উপরে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি ও অ্যাপ-ভিত্তিক সংস্থার চালক ও কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা-সহ একাধিক দাবি ওঠে।
মন্ত্রী জানান, অ্যাপ-নির্ভর পরিষেবায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার দ্রুত বন্ধ হবে। সিএনজি-র জোগান বৃদ্ধির আশ্বাস দেন তিনি। ২০১৪ সালে পরিবহণ ভবন অভিযানে নামা ২৬ জন ট্যাক্সিচালকের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করেছিল আগের সরকার। সেই মামলা প্রত্যাহারের আশ্বাস দেন মন্ত্রী। পুজোর পরে বেসরকারি পরিবহণ ক্ষেত্রের ভাড়ার সমস্যা নিয়ে সরকার আলোচনায় বসবে বলে জানান তিনি।