E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সবাইকে নিয়ে কাজ, বার্তা সঙ্ঘ-প্রধানের

সঙ্ঘ-নেতা জিষ্ণু বসু বলেছেন, “পশ্চিমবঙ্গে হিন্দু সমাজের জন্য সকলকে নিয়ে কাজের বার্তা দিয়েছেন সঙ্ঘ-প্রধান।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৬:০৩
মোহন ভাগবত।

মোহন ভাগবত। — ফাইল চিত্র।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) কর্মকাণ্ডের পরিসরও বেড়েছে বলে নানা সূত্রে দাবি। সূত্রের খবর, এই আবহে শুক্রবার পশ্চিমবঙ্গে এসে হিন্দু সমাজের জন্য সবাইকে নিয়ে কাজ করা এবং সরকারে থাকা স্বয়ংসেবকদের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়ে বার্তা দিয়েছেন সঙ্ঘ-প্রধান মোহন ভাগবত।

সঙ্ঘের সাংগঠনিক-পর্ব উপলক্ষে ভাগবতের উপস্থিতিতে রাজ্যের বর্তমান তিনটি প্রান্ত থেকে স্বয়ংসেবকেরা বর্ধমানের উল্লাস উপনগরীতে সংগঠনের মধ্যবঙ্গ প্রান্ত দফতরে এ দিন বৈঠক করেছেন। বৈঠকে থাকা সঙ্ঘ-নেতা জিষ্ণু বসু বলেছেন, “পশ্চিমবঙ্গে হিন্দু সমাজের জন্য সকলকে নিয়ে কাজের বার্তা দিয়েছেন সঙ্ঘ-প্রধান।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৃহস্পতিবার বর্ধমানে এসে সঙ্ঘ-প্রধানের সঙ্গে দেখা করেছেন। সূত্রের দাবি, এ দিনের বৈঠকে রাজ্যে সাংগঠনিক কাজকর্ম পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের বিষয় নিয়ে সঙ্ঘ-প্রধান রীতি মেনেই মন্তব্য করেননি। তবে সরকারের মধ্যে থাকা স্বয়ংসেবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের বিষয়ে বার্তা দিয়েছেন।

সূত্রের খবর, ভৌগোলিক ভাবে সঙ্ঘের সাংগঠনিক-কাঠামোয় কিছু বদল হতে পারে। প্রতি বছর বিজয়া দশমীর দিন সঙ্ঘ-প্রধান বক্তৃতা করেন। এ বার সেখান থেকেই এই নিয়ে ইঙ্গিত মিলতে পারে। দীপাবলি-বৈঠকে কেন্দ্রীয় ভাবে যোগ দেবেন স্বয়ংসেবকেরা। তার আগে দেশ জুড়ে এই সাংগঠনিক বদল হতে পারে বলে সূত্রের ইঙ্গিত। তবে পশ্চিমবঙ্গে এখনও যেহেতু সঙ্ঘের সংগঠন ‘ক্রমবর্ধমান’, তাই এখানে সংশ্লিষ্ট পরিবর্তন চূড়ান্ত রূপ নিতে আরও কিছুটা সময় লাগতে পারে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
RSS

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy