E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রবিবার থেকে পূর্ব রেলের নতুন সূচি, বড় বদল আনা হয়েছে দূরপাল্লার ৭০টি ট্রেনের সময়েও

তিস্তা-তোর্সা, কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সফরের সময় কমছে বলে রেল সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ০৭:৪৮
An image of train

—প্রতীকী চিত্র।

রবিবার, ১ অক্টোবর থেকে পূর্ব রেলের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। বেশ কয়েকটি রুটে শহরতলির একাধিক লোকাল ট্রেন যেমন চালু হচ্ছে, পাশাপাশি কয়েকটি ট্রেনকে নিয়মিত করা হয়েছে। চক্ররেলের কয়েকটি ট্রেনের যাত্রাপথেও কিছু পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে রেল।

দূরপাল্লার ৭০টি ট্রেনের সময়সূচিতেও বদল এসেছে। ওই সব ট্রেনের সফরের সময় কমেছে ৫ মিনিট থেকে ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় লাইনের ক্ষমতা বেড়েছে। ফলে একাধিক ট্রেনের গতি বাড়িয়ে সফরের সময় কমানো গিয়েছে। শুক্রবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী ওই নতুন সময়সূচি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।

তিস্তা-তোর্সা, কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সফরের সময় কমছে বলে রেল সূত্রের খবর। কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসের সফর সময় কমছে প্রায় ৭৫ মিনিট। ওই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ছেড়ে ভোর ৩টে ৩৫ মিনিটে মালদহে পৌঁছয়। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছেড়ে রাত ২টো ৪০ মিনিটে মালদহে পৌঁছবে। তিস্তা-তোর্সা এক্সপ্রেস দুপুর ২টো ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় শিয়ালদহ থেকে ছাড়বে। ওই ট্রেনটি তার আগের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছবে। নতুন সূচিতে যাত্রীরা ১৫ মিনিট বেশি পাবেন।

কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদহ-লালগোলা, হাজারদুয়ারি, মিথিলাঞ্চল, গোরক্ষপুর, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেলেরও সফরের সময় কমছে। নতুন সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ভোরে কলকাতায় পৌঁছনো একাধিক ট্রেন আগের সময়ের তুলনায় বেশ কিছু আগেই শিয়ালদহে পৌঁছবে। গতি বাড়ছে পূর্ব রেলের একাধিক মেমু ট্রেনেরও।

তবে সময়সূচিতে বড় পরিবর্তন হয়েছে হাটেবাজারে এক্সপ্রেস, ভাগলপুর-কলকাতা, কলকাতা-রাধিকাপুর এবং শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেসের ক্ষেত্রে। রেলের দাবি, এর ফলে যাত্রীরা হাতে বাড়তি সময় পাবেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Eastern Railways Timetable local trains

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy