জাতীয় সড়কের বাইপাসে দাঁড়ানো বালির ট্রাকের পিছনে মুরগিবোঝাই ট্রাক ধাক্কা মারায় দুই নাবালক-সহ পাঁচ জনের মৃত্যু হল। শুক্রবার ভোর ৫টা নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মহারাজপুরের দুর্ঘটনায় মৃতেরা মুরগি-বোঝাই ট্রাকের আরোহী এবং ট্রাকের চালক। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সোহেল আকতার (৩১), সায়েম আকতার (১৬), হাসনাত আলি (১৬), রমজান মোমিন (২৯), মহম্মদ মোস্তাফা (১৮)। সবারই বাড়ি মালদহের কালিয়াচকে।
পুলিশ দু’টি ট্রাকই আটক করেছে। বালির ট্রাকের চালকের খোঁজ চলছে। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার কুলদীপ সোনওয়ানে বলেন, “দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।” পুলিশ সূত্রের খবর, জ্বালানি ফুরনোয় ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে মহারাজপুরে দাঁড়িয়ে ছিল বালির ট্রাকটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুরগি বোঝাই ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা। দুর্ঘটনার পরে কিছু মুরগি লুট হয় বলে অভিযোগ।
মৃতেরা কালিয়াচকের ভাগলপুরের মুরগির পাইকারি ব্যবসায়ী মোজাম্মেল হকের কর্মী। জলপাইগুড়ি থেকে প্রায় পাঁচ টন মুরগি কিনে কালিয়াচকে ফিরছিলেন। ট্রাকে নাবালক শ্রমিক থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সায়েমের বাবা আসরাউল আনসারি বলেন, “আমরা গরিব। হাসনাতের পরিবারও গরিব। তাই সায়েম-হাসনাত কাজ করতে বাধ্য হয়েছিল।”