পশ্চিমবঙ্গে দল ক্ষমতায় এসেছে প্রায় চার মাস। এর মধ্যেই দল ও প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরির অভিযোগ উঠেছে। তৃণমূলের ধাঁচেই শাসক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তোলাবাজি, সিন্ডিকেট চালানোর। এই প্রেক্ষাপটে আগামিকাল রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আরএসএস নেতৃত্ব। বৈঠকে যোগ দিতে আগামিকাল দিল্লি আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সূত্রের মতে, আগামী ২৭-২৮ তারিখে যুব সম্মেলনে যোগ দিতে রাজ্যে যাওয়ার কথা বিজেপি সভাপতি নিতিন নবীনের। সূত্রের মতে, ওই সম্মেলনের রূপরেখা নিয়েও দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে রাজ্য নেতাদের।
গত মে মাসে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এর মধ্যেই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। কোথাও প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে মন্ত্রী ও বিধায়ককে। কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণ, রাজ্য নেতৃত্ব ও প্রশাসনের মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন, তা উধাও। এই পরিস্থিতিতে আগামিকাল সমন্বয় বৈঠকে বসতে চলেছেন আরএসএস ও রাজ্য বিজেপি নেতৃত্ব। বৈঠকে শুভেন্দু ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসলের।
বিজেপি সূত্রের দাবি, গত চার মাসে রাজ্যে দল ক্ষমতায় আসার পরে সরকারি স্তরে কী ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসায় সীমান্ত সুরক্ষিত রাখার প্রশ্নে বিএসএফ-কে রাজ্য সরকারের জমি প্রদান, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রশ্নে কমিটি গঠন, অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিল্পের উন্নতিতে পদক্ষেপের মতো বিষয়গুলি বৈঠকে তুলে ধরার কথা রয়েছে। সূত্রের মতে, আগামী দিনে দলের অভিমুখ কী হবে, দল ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও কী ভাবে বাড়ানো যায়, সেই বিষয়গুলি নিয়ে কালকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।