নিট-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে প্রতীকী অনশন ও বিক্ষোভ কর্মসূচি করছে এসএফআই। তারই অংশ হিসাবে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান-বিক্ষোভ করল এসএফআই। বৃষ্টি মাথায় হয়েছে মিছিল, পথনাটক। ধর্মেন্দ্রের পদত্যাগ, দক্ষিণ ২৪ পরগনায় ধর্ষণ-খুনে অভিযুক্তদের শাস্তি, দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ছাত্র সংগঠন এবিভিপি তাণ্ডব চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন নেতৃত্ব। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, “ধর্মেন্দ্রই গোটা ভারতের শিক্ষা দুর্নীতির নায়ক। তাই তাঁর পদত্যাগ চাই। রাজ্যে সরকার বদলের পরে বহিরাগত বিজেপি-এবিভিপি ক্যাম্পাসে অশান্তি তৈরির চেষ্টা করছে।” এবিভিপি অবশ্য কোনও হামলার অভিযোগ মানেনি।