কলকাতা তাঁর খুব ভাল লেগেছে। এই শহর ডাকলে তিনি আবার আসবেন। কলকাতা ছাড়ার আগে বার্তা দিয়ে গেলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বুধবার তিনি এই শহর ছাড়েন। তবে তিনি আপাতত ভারতেই থাকবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশে কি ফিরতে চান? এই প্রশ্ন করা হলে আক্ষেপের সুর ধরা পড়ে লেখিকার কণ্ঠে। তিনি বলেন, ‘‘অবশ্যই ফিরতে চাই। ৩২ বছর আমি নির্বাসনে আছি। কিন্তু আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না বা সেখানে যেতে চাই না, তেমন তো নয়!’’ লেখিকার অভিযোগ, তাঁর বাংলাদেশি পাসপোর্ট পুনর্নবীকরণ করে না বাংলাদেশ সরকার। তাঁর যে সুইডিশ পাসপোর্ট রয়েছে সেটাতেও বাংলাদেশ সরকার ভিসা দেয় না বলে দাবি তসলিমার।
কলকাতা থেকে তিনি অনেক স্মৃতি নিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তসলিমা। এই শহর তাঁকে অনেক ভালবাসা দিয়েছে। মানুষের ভালবাসায় তিনি আপ্লুত বলেও জানিয়েছেন লেখিকা। তাঁর কথায়, ‘‘খুবই ভাল স্মৃতি। বিশেষ করে সাধারণ মানুষের ভালবাসা পেয়ে চোখে জল চলে এসেছে আমার।’’ এর পরই তিনি জানান, অক্টোবর কিংবা আগামী বছরের জানুয়ারিতে কলকাতায় আসতে পারেন। কলকাতা যখনই ডাকবে তিনি আসবেন বলেও জানান।
বাংলাদেশি লেখিকা বলেন, ‘‘কলকাতা এসে আমার খুব ভাল লেগেছে। আবার আসব। আমার পাসপোর্ট রিনিউয়াল হয়নি। তাই এখন ভারতেই থাকব।’’ তবে কলকাতা বইমেলায় আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তসলিমা। তাঁকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, পুজোতে কি তিনি শহরে আসছেন? তখন লেখিকা জানান, পুজোতে সম্ভবত তাঁর আসা হবে না। তিনি অন্য দেশে থাকবেন। তবে বইমেলায় অবশ্যই আসবেন।
উল্লেখ্য, ১৯ বছর পর কলকাতা সফরে এসেছিলেন তসলিমা। গত ৩১ জুলাই তিনি শহরে পা রাখেন। কলকাতায় আসার আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে নিজের ছবি দিয়ে লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” দমদম বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, “খুবই ভাল লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।”
২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। সংখ্যালঘু এলাকাগুলিতে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেনা মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বাম সরকার তসলিমার বিতর্কিত ওই বইটির উপর নিষেধাজ্ঞা জারি করে। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে এই অলিখিত ‘নিষেধাজ্ঞা’ বহাল ছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দু’মাসের মধ্যেই কলকাতায় প্রত্যাবর্তন তসলিমার।