E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিনামূল্যে জয়েন্টের প্রশিক্ষণ শিক্ষা সংসদের

এত দিন বাছাই করা কয়েকটি জেলার প্রথম সারির চার-পাঁচটি স্কুলের ইচ্ছুক পড়ুয়া, যারা আগামী বছরে জয়েন্ট এন্ট্রান্স বা নিট দিতে চায়, তাদেরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৯:২৭
বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। —প্রতীকী চিত্র।

আগামী বছর রাজ্যের সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি থেকে যারা জয়েন্ট এন্ট্রান্স বা ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট দিতে চায়, তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এত দিন বাছাই করা কয়েকটি জেলার প্রথম সারির চার-পাঁচটি স্কুলের ইচ্ছুক পড়ুয়া, যারা আগামী বছরে জয়েন্ট এন্ট্রান্স বা নিট দিতে চায়, তাদেরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এমন অনেক স্কুল আছে, যেখানকার কোনও মেধাবী পড়ুয়া হয়তো আর্থিক ভাবে পিছিয়ে থাকার কারণে জয়েন্ট বা নিটের প্রস্তুতি নিতে পারছে না। তারাও যদি স্কুলের মাধ্যমে আবেদন করে, তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।’’

এখন গরমের ছুটি। তাই এই প্রশিক্ষণ চলছে সল্টলেকের করুণাময়ীতে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে। চিরঞ্জীব জানান, মে এবং জুন মাসের কিছুটা সময়ে এই প্রশিক্ষণ চলবে। তার পরে কিছু দিন বন্ধ থাকবে। কারণ, স্কুল খুলে যাবে। ফের কয়েক মাস পরে আবার প্রশিক্ষণ শুরু হবে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন পড়ুয়া এই প্রশিক্ষণ নিচ্ছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই প্রশিক্ষণ চলছে।

বর্তমানে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও হুগলির কিছু সেরা স্কুলের পড়ুয়ারা এই প্রশিক্ষণ পাচ্ছে। এর পরে অন্য জেলার জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা দিতে ইচ্ছুক পড়ুয়াদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণ দিচ্ছেন জয়েন্ট এন্ট্রান্স ও নিট পড়ানোর বিশেষজ্ঞ শিক্ষকেরাই। প্রশিক্ষণ নিতে এসে খুশি পড়ুয়ারা। কয়েক জন পড়ুয়ার অভিভাবক বললেন, ‘‘নিট বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের খরচ প্রচুর। লক্ষাধিক টাকা ব্যয় হয়ে যায়। এত টাকা দেওয়ার অবস্থা আমাদের অনেকেরই নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই প্রশিক্ষণ আমাদের ছেলেমেয়েদের উপকার করবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
JEE WBCHSE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy