গাজ়া ভূখণ্ডে পাকাপাকি ভাবে শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ১৫ দফার শান্তি পরিকল্পনা খারিজ করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। আজ নেতানিয়াহু এ-ও জানিয়েছেন, তিনি যত দিন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী আছেন, তত দিন গাজ়া বা পশ্চিম ভূখণ্ডে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকেও তিনি মেনে নেবেন না। নেতানিয়াহুর এই মন্তব্যের পরেই গাজ়া ভূখণ্ডে স্থায়ী শান্তি ফেরানো নিয়ে সপ্তাহখানেক আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আশ্বাস দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যেই জানিয়েছিল, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা তারা মেনে নিতে রাজি। তবে হামাসের বক্তব্য, ইজ়রায়েল সরকারকে সবার আগে নিজেদের প্রতিশ্রুতি রাখতে হবে। নেতানিয়াহু অবশ্য জানিয়ে রেখেছেন, হামাস পুরোপুরি অস্ত্রত্যাগ না করা পর্যন্ত ইজ়রায়েলি সামরিক বাহিনী গাজ়া ছেড়ে যাবে না।