সাজ-পোশাকে ঐতিহ্যের ছোঁয়া। হাতে লাঠি। একঘর দর্শক ও অতিথির সামনে ড্রামের তালে তালে নাচল চিনা রোবটের দল। দেখে বোঝার উপায় নেই তারা রোবট। আবার অস্বীকার করারও উপায় নেই। সমাজমাধ্যমে সেই নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা আপাতত আলোচনার কেন্দ্রে। চিন এই বিশেষ প্রদর্শনের মাধ্যমে আদৌ কোনও বার্তা দিতে চাইল কি না, প্রশ্ন তুলেছেন কেউ কেউ (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
পিপল্স রিপাবলিক অফ চায়না গঠনের ৭৭তম বার্ষিকী উপলক্ষে সৌদি আরবে অবস্থিত চিনের দূতাবাস বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজধানী রিয়াধে। সেখানে উপস্থিত ছিলেন রিয়াধের মেয়র, চিনের রাষ্ট্রদূত এবং অন্য অতিথিরা। সৌদির ঐতিহ্যবাহী তরবারি-নাচ আরদাহ সাধারণত বিশেষ উৎসব বা অনুষ্ঠানে দেখা যায়। চিন রোবটের মাধ্যমে সেই নাচের নিখুঁত প্রদর্শন করিয়েছে দূতাবাসের অনুষ্ঠানে। রোবটগুলিকে সৌদির ঐতিহ্যবাহী পোশাক পরানো হয়েছিল। তবে রোবটগুলির হাচে তরবারি ছিল না। ছিল লাঠি।
আরও পড়ুন:
রোবটদের নিখুঁত সারবদ্ধ অবস্থান, তালে তালে একসঙ্গে হাত এবং পা নাড়ানো দর্শকদের মুগ্ধ করেছে। চিনা দূতাবাস সেই নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছে, ‘‘পিপল্স রিপাবলিক অফ চায়নার ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্যাপনে আমাদের দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। চিনে তৈরি রোবটগুলি চমৎকার কাজ করেছে। উপস্থিত দর্শকেরা তাতে খুশি।’’
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একাধিক বড় অনুষ্ঠানে সুযোগ পেলেই নিজেদের তৈরি রোবটের গুণাগুণ প্রদর্শন করছে বেজিং। সৌদিতে অবস্থিত চিনা দূতাবাসেও সেটাই করা হল। এর মাধ্যমে দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে বন্ধুত্বের বার্তা দেওয়া হল বলেও মনে করছেন কেউ কেউ।