Advertisement
E-Paper

বিশ্ব জুড়ে অভিবাসীদের ভিসা ইন্টারভিউ আপাতত বন্ধ করল ট্রাম্প প্রশাসন! কবে থেকে আবার চালু, স্পষ্ট নয়

মার্কিন দূতাবাস বা উপদূতাবাসের তরফে ইতিমধ্যেই ভিসা আবেদনকারীদের ইমেল পাঠিয়ে ইন্টারভিউ স্থগিতের বিষয়টি জানানো হচ্ছে। তবে ইন্টারভিউয়ের নতুন কোনও তারিখ দেওয়া হচ্ছে না এখনই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৩:৪১
Donald Trump administration pauses US visa interviews worldwide

ভিসা ইন্টারভিউ বন্ধ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিকে অভিবাসীদের ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আমেরিকায় যাওয়ার জন্য ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে হবে। সব দেশের জন্যই এই নির্দেশিকা প্রযোজ্য। কেন এই নির্দেশ, তা-ও ব্যাখ্যা করা হয়েছে নির্দেশিকায়।

মার্কিন বিদেশ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, ভিসা যাচাইয়ের কাজে যুক্ত আধিকারিকদের জন্য বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। সেই কর্মসূচি যত দিন চলবে, তত দিন ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকবে। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, এই প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারভিউয়ের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। তবে কবে ইন্টারভিউয়ের জন্য নতুন তারিখ দেওয়া হবে, তা স্পষ্ট করা হয়নি ট্রাম্প প্রশাসনের তরফে।

কেন এই প্রশিক্ষণ? মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘‘প্রতিটি ভিসা আবেদনের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন নিশ্চিত করতে চায় মার্কিন প্রশাসন।’’ ভিসা যাচাইয়ের সময় অবশ্যই বুঝে নিতে হবে, আবেদনকারীর আমেরিকায় যাওয়ার নেপথ্যে কী স্বার্থ রয়েছে! সরকারের বোঝা বা আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ার প্রবণতা বুঝতে পারলে সেই ভিসা বাতিল করা হবে। দূতাবাস বা উপদূতাবাসে যাঁরা ভিসা যাচাই করেন বা আবেদনকারীর ইন্টারভিউ নেন, তাঁরা যাতে এ ব্যাপারে ঠিকঠাক পদক্ষেপ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণ।

মার্কিন দূতাবাস বা উপদূতাবাসের তরফে ইতিমধ্যেই ভিসা আবেদনকারীদের ইমেল পাঠিয়ে ইন্টারভিউ স্থগিতের বিষয়টি জানানো হচ্ছে। তবে ইন্টারভিউয়ের নতুন কোনও তারিখ দেওয়া হচ্ছে না এখনই। বলা হচ্ছে, ‘‘কবে আবার ইন্টারভিউ নেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।’’

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি মার্কিন অভিবাসন নীতিতে পরিবর্তন আনবেন। সেই মতো পদক্ষেপও করা হয়। এই পদক্ষেপগুলির মধ্যে আবেদনকারীদের সমাজমাধ্যমের ইতিহাস অতিরিক্ত যাচাই, ব্যয়বহুল ভিসা বন্ডের প্রচলন এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা প্রদানের উপর বিধিনিষেধও রয়েছে। অতীতে অনেক ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয়, এমন কিছুর সঙ্গে আপস করবে না তাঁর প্রশাসন।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় সমস্ত ভিসার ইন্টারভিউ বন্ধের কথা বলা হয়েছিল। এটি কেবলমাত্র অভিবাসীদের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। অনবধানবশত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। )

US Visa Donald Trump

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy