স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য জাতীয় স্কলারশিপ এবং উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ‘ঈশান উদয়’ বিশেষ স্কলারশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, ‘ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল’-এর মাধ্যমে এই দু’টি স্কলারশিপের আবেদন জমা ও বাকি প্রক্রিয়ার কাজ পরিচালিত হবে। আবেদন শুরুর তারিখ ও বিস্তারিত সময়সূচি পৃথক নোটিসের মাধ্যমে দ্রুত জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে ইউজিসি।
স্কলারশিপ প্রক্রিয়াকরণ দ্রুত সম্পন্ন করতে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ বার্তা দিয়েছে ইউজিসি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ইনস্টটিউশনাল নোডাল অফিসারদের পোর্টালে আবেদন পাওয়ার ১৫ দিনের মধ্যে সেটি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নোডাল অফিসারদের আবেদনটি অনুমোদন, ত্রুটি চিহ্নিত বা বাতিল করতে হবে।
ইউজিসি জানিয়েছে, পোর্টাল বন্ধ হওয়ার আগে প্রার্থীরা যেন আবেদনে উল্লেখ করা যে কোনও ত্রুটি বা ভুল সংশোধনের জন্য যথেষ্ট সময় পান, সেই কারণেই এই ১৫ দিনের সময়সীমা বাধ্যতামূলক করা হয়েছে।
সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন যোগ্য শিক্ষার্থীদের আবেদন চলাকালীন প্রয়োজনীয় সহায়তা, সঠিক দিক নির্দেশনা প্রদান এবং পোর্টাল সংক্রান্ত যে কোনও সমস্যার দ্রুত সমাধান করেন।
আরও পড়ুন:
-
বহুজাতিক সংস্থায় কাজের সুযোগ মিলতে পারে ‘স্যাপ’ জানা থাকলে, এই পেশায় আসতে প্রয়োজন কেমন প্রশিক্ষণ?
-
১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক নেওয়া হবে, আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা-সহ বিস্তারিত তথ্য প্রকাশ করল আইবিপিএস
-
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে এনরোলমেন্টের মেয়াদ বৃদ্ধি হল, বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট-গ্রাজুয়েট স্টাডিজ় মূলত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য এই স্কলারশিপ। আর ঈশান-উদয় স্পেশ্যাল স্কলারশিপের মূল লক্ষ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা। তাই এই আর্থিক সাহায্য প্রদান করা হয় বলে জানিয়েছে ইউজিসি।