কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল) এবং ডিপ লার্নিং (ডিএল)-এর জন্য পাইথন-এর উপর ৫ সপ্তাহের একটি সার্টিফিকেট প্রোগ্রামের আয়োজন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর। অনলাইনে জুমের মাধ্যমে এই ক্লাস চলবে ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুরু হয়েছে প্রোগ্রামেটিতে যোগদানের আবেদন প্রক্রিয়া।
কারা আবেদন করতে পারবেন?
যে কোনও একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া, গবেষক, শিক্ষক, শিল্পক্ষেত্রের পেশাদার এবং গবেষণা ও উন্নয়ন বিভাগের কর্মীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামে এআই/মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিংয়ের আধুনিক অ্যালগরিদম ও সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি বিষয়গুলি হাতে-কলমেও শেখাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিজ্ঞ শিক্ষক ও শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা ক্লাস নেবেন। পরবর্তী সময়ে ইন্টার্যাক্টিভ ক্লাসও নেওয়া হবে। আবার, পরীক্ষার প্রস্তুতি এবং চাকরির ইন্টারভিউয়ের জন্য সমস্যা সমাধানের সেশনও থাকবে।
গুরুত্বপূর্ণ নির্দেশিকা
১। এই প্রোগ্রামের কোনও লেকচার রেকর্ড করা, ভিডিও বা অডিও আপলোড করা কিংবা কোর্সের নোট অন্যত্র বিতরণ করা যাবে না।
২। যেহেতু কোনও রেকর্ডেড লেকচার দেওয়া হবে না, তাই এই প্রোগ্রামে যোগদানকারীদের আগে থেকেই নিজেদের ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিতে হবে।
৩। উপস্থিতি পর্যবেক্ষণের জন্য ক্লাস চলাকালীন ভিডিও চালু রাখা বাধ্যতামূলক।
৪। সার্টিফিকেট প্রোগ্রামটি সম্পূর্ণ করতে অন্তত ৮০ শতাংশ উপস্থিতি থাকতেই হবে যোগদানকারীর।
এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ তারিখগুলি হল—
১। গোল্ডেন রেজিস্ট্রেশন ৪ অক্টোবর ২০২৬,
২। ফ্ল্যাশ রেজিস্ট্রেশন ২৫ অক্টোবর,
৩। আর্লি বার্ড রেজিস্ট্রেশন ৮ নভেম্বর,
৪। রেগুলার রেজিস্ট্রেশন ২৯ নভেম্বর এবং
৫। স্পট রেজিস্ট্রেশন ১৫ ডিসেম্বর ২০২৬।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন বাতিল করলে জিএসটি এবং প্রতি প্রোগ্রামে ৩,০০০ টাকা ওভারহেড চার্জ বাদ দিয়ে বাকি ফি তাকে ফেরত দেওয়া হবে। এ ছাড়া বাতিলের আবেদন ২৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে করতে হবে। ওই তারিখের পর বাতিল করলে কোনও টাকা ফেরত দেওয়া হবে না। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের ক্ষেত্রে বাতিলের সুবিধা প্রযোজ্য নয়।