এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে পিএইচডি ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।
কারা আবেদন করতে পারবেন?
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পিএইচডি ভর্তির ক্ষেত্রে ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জুন মাসে অনুষ্ঠিত ইউজিসি-নেট ও সিএসআইআর-নেট পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। এর পাশাপাশি, নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট, ন্যাশনাল বোর্ড ফর হায়ার ম্যাথমেটিক্স ডক্টরাল স্কলারশিপ পরীক্ষা, বিশ্বেশ্বরাইয়া পিএইচডি স্কিম, গেট, জেস্ট এবং আইসিএআর পরীক্ষার ফলও সংশ্লিষ্ট ক্ষেত্রে গ্রহণ করা হবে।
একাধিক বিষয়ে যাঁরা পিএইচডি-র করতে চাইছেন, তাঁদের প্রতিটি বিষয়ের জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিটি বিষয়ের জন্য পৃথক রেজিস্ট্রেশন ফি-ও দিতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রীয় সরকার ও ইউজিসির নিয়ম অনুযায়ী সংরক্ষণ ব্যবস্থা কার্যকর থাকবে। তফসিলি জাতির প্রার্থীদের জন্য ১৫ শতাংশ, তফসিলি উপজাতির জন্য ৭.৫ শতাংশ, অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি-এনসিএল) প্রার্থীদের জন্য ২৭ শতাংশ এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ এবং বেঞ্চমার্ক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষণ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরো ভর্তি প্রক্রিয়া ইউজিসির ‘মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রসিডিউর ফর অ্যাওয়ার্ড অব পিএইচডি ডিগ্রি রেগুলেশন্স, ২০২২’-এর সংশোধিত নিয়ম এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অর্ডিন্যান্স অনুযায়ী পরিচালিত হবে।