সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। তার পরেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিয়ো ক্লিপে দাবি করা হয়েছে, লরেন্স বিশ্নোই গ্যাং-এর তরফে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। তবে সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সূত্রের খবর, ওই হুমকি পোস্টটি লরেন্স বিশ্নোইয়ের ভাই আরজ়ু বিশ্নোই এবং টাইসন বিশ্নোই-এর নামে প্রকাশ করা হয়েছে। ছড়িয়ে পড়া পোস্টে আমিরের বিরুদ্ধে দেশে ‘লভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, “আমরা আরজ়ু বিশ্নোই এবং টাইসন বিশ্নোই (লরেন্স বিশ্নোই গ্রুপ) বলতে চাই, আমির খানের মতো মানুষ দেশে তথাকথিত ‘লাভ জিহাদ’কে উৎসাহ দিচ্ছেন, যা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আমরা এমন লোককে মেনে নেব না এবং খুব শীঘ্রই তাঁকে এর ফল ভোগ করতে হবে। এটি সনাতন ধর্ম এবং দেশের বিরুদ্ধে।”
পোস্টে আরও দাবি করা হয়েছে, “আমরা দেশের ভাই-বোন এবং নাগরিকদের আশ্বস্ত করছি, যারা এ ধরনের কাজকে উৎসাহ দেবে, তাদের সঙ্গে আমাদের নিজস্ব পদ্ধতিতে মোকাবিলা করা হবে। খ্যাতির আড়ালে যারা এ সবকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরও চুপ করিয়ে দেওয়া হবে।”
আরও পড়ুন:
সূত্রের খবর, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট এবং একটি ভয়েস নোটের মাধ্যমে এই হুমকির তথ্য পুলিশের কাছে পৌঁছেছে। বর্তমানে ওই পোস্ট এবং অডিয়োবার্তার সত্যতা যাচাই করছে পুলিশ। এখনও পর্যন্ত আমির বা তাঁর টিমের পক্ষ থেকে মুম্বই পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ জমা পড়লে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হতে পারে।