রজনীকান্তের আগামী ছবি ‘ধর্মন’-এ নতুন চমক। এই ছবির সঙ্গে এ বার জুড়তে চলেছেন শ্রীলীলা। দক্ষিণী এই অভিনেত্রী এই প্রথম পর্দায় জুটি বাঁধতে চলেছেন ‘থালাইভা’র সঙ্গে। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। ইতিমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা।
ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছে প্রযোজনা সংস্থাটি। সেখানে অভিনেত্রীর ঝলক তুলে ধরা হয়েছে। রজনীকান্ত, শ্রীলীলার পাশাপাশি ‘ধর্মন’-এ দেখা যাবে সিমরন, নয়নতারা, যোগী বাবু এবং রাশি খন্নাকেও। পরিচালক অশ্বথের সঙ্গেও এই প্রথম কাজ করছেন রজনীকান্ত।
এই ছবি আসার খবর চাউর হওয়ার পর রজনীকান্তের অনুগামীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। প্রথম প্রচার ঝলক সামনে আসতেই অভিনেতার চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে তাঁকে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। ফলে তাঁর চরিত্রের মধ্যে নেতিবাচক দিক থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১৯৭৮ সালের ছবি ‘মুলম মলারুম’-এ রজনীকান্তের চরিত্রের সঙ্গেও এই চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। প্রকাশিত কয়েকটি ঝলকে অভিনেতার হাতে রক্তের দাগও দেখা গিয়েছে। ফলে ‘ধর্মন’-এ তাঁকে ধূসর চরিত্রে দেখার সম্ভাবনা আরও প্রবল হয়েছে।
জানা যাচ্ছে, এই ছবির তৃতীয় দফার শুটিং শেষ হয়েছে সেপ্টেম্বরে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে।
তামিল ছবির দুনিয়ায় ক্রমশ নিজের জায়গা পাকা করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতেই ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তাঁর। তার পর থেকেই একের পর এক বড় ছবির প্রস্তাব আসছে অভিনেত্রীর কাছে। ধনুষ এবং মমুটীর আগামী ছবি ‘ওম’-এ ধনুষের স্ত্রী রোজার চরিত্রে অভিনয় করছেন শ্রীলীলা। এ ছাড়াও অজিত কুমারের ছবি ‘ডেয়রডেভিল’-এও দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন:
‘ধর্মন’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ এবং ‘কুলি’-র মতো ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। এখনও পর্যন্ত ছবির মুক্তির দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।