৬২তম জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিয়েছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ্যে এসেছে সোমবার। গানে ফের শাহরুখ ও দীপিকার রসায়ন নিয়ে আলোচনা চলছে। নাচের দৃশ্যগুলিও প্রশংসিত হচ্ছে। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর, কথা লিখেছেন কুমার। কোরিয়োগ্রাফার পীযূষ-শাজ়িয়া জুটি।
চলচ্চিত্রজগতে পীযূষ-শাজ়িয়া এর আগে ‘রুহি’, ‘ভেড়িয়া’ এবং ‘লাইগার’-এর নাচের দৃশ্য পরিচালনা করেছেন। তবে তাঁরা এখনও নিজেদের নতুন বলেই মনে করেন। সিদ্ধার্থ আনন্দের আগের ছবি ‘ফাইটার’-এর ‘হীর আসমানি’ গানটির নৃত্য পরিচালনাও ছিল তাঁদেরই। সেই সূত্রেই দীপিকার সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা ছিল তাঁদের। তবে শাহরুখের সঙ্গে এই প্রথম।
এক সাক্ষাৎকারে পীযূষ-শাজ়িয়া বলেন, “কর্মজীবনের এত অল্প সময়ে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ সবার হয় না। হয়তো অন্যদের থেকে আমাদের কাজের ধরন কিছুটা আলাদা। সেই কারণেই এত বড় সুযোগ পেয়েছি।”
তাঁদের মতে, তাঁদের কাজের মধ্যে নতুন ভাবনা দেখেছিলেন সিদ্ধার্থ। প্রায় এক বছর আগেই এই গানের দায়িত্ব তাঁদের হাতে তুলে দেন পরিচালক। শাহরুখও তাঁদের নতুন ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন। নৃত্যপরিচালক জুটির কথায়, “শাহরুখকে কুর্নিশ জানাতেই হয়। আমাদের নতুন ভাবনা বুঝতে পেরেছেন তিনি। নতুন কিছু করার প্রস্তাব দিয়েছি, শুটিংয়ের ধরন নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছি। প্রতিটি ক্ষেত্রেই তিনি আগ্রহ দেখিয়েছেন।”
‘তু মিল জায়ে’ যে আর পাঁচটা নাচের গানের মতো নয়, তা স্পষ্ট করেছেন পীযূষ-শাজ়িয়া। তাঁদের কথায়, “এই গানটির নাচ তৈরি করা বেশ কঠিন ছিল। কারণ, এটি একেবারে নাচের গান নয়। বরং একটা আবহ, একটা অনুভূতি রয়েছে। তাই নাচের ভঙ্গিও সেই মেজাজের সঙ্গে মানানসই করতে হয়েছে।”
তবে গানটিতে শুধু প্রেমের আবহ রাখতে চাননি তাঁরা। শাহরুখের চরিত্রের মধ্যে যে তীব্রতা এবং হিংস্রতার ছাপ রয়েছে, সেটিও গানের দৃশ্যায়নে তুলে ধরতে চেয়েছেন। তাই রোম্যান্টিক মুহূর্তের পাশাপাশি রয়েছে অ্যাকশনের ঝলক।
গানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘হুক স্টেপ’। সেটিও তৈরি করা হয়েছিল শাহরুখের নিজস্ব নাচের ধরন মাথায় রেখে। পীযূষ-শাজ়িয়া জানান, শাহরুখ নিজেই বলেছিলেন, “যতক্ষণ না আমি ভাল করে নাচটা করতে পারছি, ততক্ষণ আমাকে মহড়া করতে দিও।” শাহরুখের এই পরিশ্রম এবং সহকর্মীদের প্রতি তাঁর আচরণ মুগ্ধ করেছে নৃত্য পরিচালকজুটিকে।