চলছে ‘বিগ বস্ বাংলা’। জনপ্রিয় এই নন-ফিকশন শো নিয়ে দর্শকের উত্তেজনা আগেও তুঙ্গে ছিল, এ বারও একই চিত্র। দর্শকের জন্যে পরতে পরতে যেমন থাকছে চমক, তেমনই বিতর্কও হচ্ছে। সমাজমাধ্যমে ‘বিগ বস্ বাংলা’ নিয়ে আলোচনার শেষ নেই। দু’সপ্তাহ আগে জোড়া ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হয়েছে। বাড়িতে ঢুকেছেন সৌরভ দাস ও রণিতা দাস।
বাড়ির সদস্যদের সামনে ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন সৌরভ। যদিও সদস্যদের দাবি, এখনও নিজের ‘গেম’ শুরু করেননি সৌরভ। সুরক্ষিত থাকার জন্য এটা তাঁর পরিকল্পনা বলেই ধারণা অনেকের। আগে কোনও ‘বিগ বস্’ দেখেননি সৌরভপত্নী দর্শনা বণিক। সৌরভ যোগ দেওয়ার পরে, এই প্রথম দেখছেন। সৌরভের খেলা খুব ভাল লাগছে বলে জানালেন তিনি।
আরও পড়ুন:
দর্শনার কথায়, “আমার মনে হয়, এত দিন যে বিনোদন বা মজাটা মিসিং ছিল ‘বিগ বস্’-এর বাড়িতে, সেটা সৌরভ যাওয়ার পর পূরণ হয়েছে।” অভিনেত্রী জানালেন, সৌরভ ছাড়া বাকি প্রতিযোগীদের মধ্যে রাজবীর দে-র খেলা ব্যক্তিগত ভাবে পছন্দ তাঁর। তবে শেষপর্যন্ত সৌরভই বিজয়ী হোক, সেটাই চান তিনি।
‘বিগ বস্’-এর বাড়ির কোন জিনিস পছন্দ ও অপছন্দ দর্শনার? এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, “সবার ঝগড়া হলেও, পরে মিলমিশ হয়ে যায়, একসঙ্গে টাস্ক করে, খাওয়াদাওয়া করে, সকলে সকলের পাশে থাকে, এই বন্ডিংটা খুব ভাল লাগে। ‘বিগ বস্’-এর বাড়ি গিয়ে মানুষ নিজেদের অহংবোধটা বাইরেই রেখে আসে। কারও সঙ্গে ঝগড়া হলে আমরা অন্ততপক্ষে ৭ দিন কথা বলি না। কিন্তু ওখানে কিছুক্ষণ কথা না বললেও, পরে নিজেদের মধ্যে সব ঠিক করে নেয়।”
দর্শনা জানালেন, এই সিজ়নে তাঁর কাছে ‘বিগ বস্’-এর প্রস্তাব গিয়েছিল। আগেও এক বার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তাঁর মনে হয়, এখনও তিনি প্রস্তুত নন খেলার জন্য। অভিনেত্রী যোগ করেন, সৌরভ ‘বিগ বস্’-এ যোগ দিতে চেয়েছিলেন। ফোন ছাড়া, কারও সঙ্গে যোগাযোগ ছাড়া, অচেনা মানুষদের সঙ্গে ‘বিগ বস্’-এর নিয়মে থাকার দুনিয়াটা কেমন, সেটা অভিজ্ঞতা করতে চেয়েছিলেন। বিশেষত, এই সিজ়নে যোগ দেওয়ার খুব ইচ্ছে ছিল তাঁর। সে ইচ্ছে পূরণ হয়েছে বলে খুশি দর্শনা।