টলিউডের অন্যতম পরিচিত মুখ শন বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে আপাতত বিনোদনজগৎ থেকে খানিক দূরে রয়েছেন অভিনেতা। ‘বিগ বস্ বাংলা’-র নতুন মরসুমে প্রতিযোগী হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। তবে প্রচারের শুটিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পান। শহরে ফিরে অস্ত্রোপচার করাতে হয়। আপাতত বাড়িতেই থাকছেন শন। নিজের মনের মতো করে সময় কাটাচ্ছেন।
সব ঠিক থাকলে, এখন ‘বিগ বস্’-এর বাড়িতে থাকার কথা ছিল শনের। কিন্তু দুর্ঘটনার জেরে চিকিৎসকের পরামর্শে নিজের বাড়িতে রয়েছেন। তাঁর এসিএল এবং মেনিস্কাস টিয়ার হয়েছিল। অর্থাৎ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পায়ে কোনও রকম চাপ দিতে না পারায়, মুম্বই থেকে কলকাতায় ফেরার মাত্র এক সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার করাতে হয় বলে জানান তিনি। বর্তমানে নিয়মিত তাঁর ফিজ়িয়োথেরাপি চলছে। এতদিন ওয়াকারের সাহায্যে হাঁটলেও সম্প্রতি তিনি ক্রাচে ভর দিয়ে হাঁটতে শুরু করেছেন। স্বাভাবিক ছন্দে ফিরতে এবং নাচ বা শারীরিক কসরত শুরু করতে তাঁর আরও প্রায় ছয় মাস সময় লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অভিনেতা আশাবাদী, এক থেকে দেড় মাসের মধ্যে তিনি স্বাভাবিক ভাবে হাঁটতে পারবেন।
শন জানান, এই চোটের কারণে প্রায় তিন মাস কাজ বন্ধ ছিল তাঁর। দর্শকমহলে গুঞ্জন শোনা গিয়েছিল যে, তিনি হয়তো পরে আবার ‘বিগ বস্’-এ যোগ দিতে পারেন। এই প্রসঙ্গে শন স্পষ্ট জানান, ‘বিগ বস্’-এর মঞ্চে তাঁর যোগ দেওয়ার কথা পাকাপাকি হয়েছিল এবং সেই সূত্রে তাঁকে কিছু কাজের প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল। এমনকি মুম্বইয়ে শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁর থাকার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত চোটের কারণে সবটাই ভেস্তে যায়। ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে ফিরে যাওয়ার জল্পনা থাকলেও, শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁর পক্ষে আর যাওয়া সম্ভব হয়নি বলেই জানান। ভবিষ্যতে ‘বিগ বস্’-এর ঘরে তাঁর ফিরে যাওয়ার আর কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়ে দিয়েছেন অভিনেতা।
‘বিগ বস্’-এ না যাওয়া নিয়ে আফসোস নেই শনের। ফাইল ছবি
শন জানিয়েছেন, ‘বিগ বস্’-এ যেতে না পারায় কোনও রকম আফসোস নেই তাঁর। উল্টে ঈশ্বর যা করেন, তা কিছু ভালর জন্যই করেন বলে বিশ্বাস তাঁর। মাঝে মধ্যে অভিনেতা ‘বিগ বস্ বাংলা’ দেখেন। প্রতিযোগীদের মধ্যে রাজবীর দে-কে শনের ব্যক্তিগত ভাবে পছন্দ। তাঁর মতে, রাজবীর এই খেলার জন্য একদম উপযুক্ত। আপাতত নিজের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং নতুন কাজের প্রস্তুতি নিয়েই ব্যস্ত তিনি।
কাজের থেকে বিরতি পেলেও নিজের এই সময়টাকে দারুণ ভাবে কাজে লাগাচ্ছেন শন। এখন তিনি নিয়মিত ছবি আঁকা, বই পড়া এবং নিজেকে মানসিক ভাবে সমৃদ্ধ করায় সময় দিচ্ছেন। তাঁর মতে, “যত জ্ঞান বাড়ে, তত বুদ্ধি বাড়ে, তত স্বচ্ছতা আসে।” অভিনেতার নতুন কাজ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়েছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি এই মুহূর্তে কোনও চূড়ান্ত বৈঠকে বসছেন না। তবে নতুন এই কাজ ছোটপর্দার জন্য নয়, অন্য মাধ্যমেই আসছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।