জয় দিয়ে প্যারিস মাস্টার্স শুরু করেছেন নোভাক জোকোভিচ। রাউন্ড অফ ৬৪-তে পিছিয়ে থেকেও মোনাকোর ভ্যালেন্টিন ভ্যাশেরটকে হারিয়েছেন সার্বিয়ার তারকা। আর এই জয়ের পরেই রেকর্ড গড়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
প্যারিস মাস্টার্সের প্রথম রাউন্ডে শুরু ভাল হয়নি জোকোভিচের। টাইব্রেকারে প্রথম সেট হারেন তিনি। পরের সেট জিতে ফিরে আসেন ম্যাচে। শেষ সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দেন নোভাক। তিন সেটের লড়াই (৬-৭, ৭-৫, ৬-১) জিতে রাউন্ড অফ ৩২-এ উঠেছেন তিনি। সেখানে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার রিঙ্কি হিজিকাতা।
বয়স্কতম খেলোয়াড় হিসেবে প্যারিস মাস্টার্সে কোনও ম্যাচ জিতেছেন জোকোভিচ। এই ম্যাচ জেতার সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর ১৬৪ দিন। এই রেকর্ড এক দিন আমেরিকার প্রাক্তন টেনিস তারকা জিমি কোনর্সের দখলে ছিল। ১৯৯১ সালে ৩৯ বছর ৫৬ দিন বয়সে এই প্রতিযোগিতায় ম্যাচ জিতেছিলেন তিনি। ৩৫ বছর পরে সেই রেকর্ড ভাঙলেন নোভাক।
বয়স্কতম খেলোয়াড় হিসেবে প্যারিস মাস্টার্সে কোনও ম্যাচ খেলারও রেকর্ড গড়েছেন জোকোভিচ। এই রেকর্ডও আগে কোনর্সের দখলে ছিল। সাত বার এই প্রতিযোগিতা জিতেছেন জোকোভিচ। সেটিও রেকর্ড। এই প্রতিযোগিতায় ৫২টি ম্যাচ খেললেন নোভাক। এত ম্যাচ আর কেউ খেলেননি। দ্বিতীয় স্থানে থাকা বিয়র্ন বর্গ খেলেছেন ২৯টি ম্যাচ।
আরও পড়ুন:
২০২৩ সালে প্যারিস মাস্টার্স জিতেছিলেন জোকোভিচ। ৩৬ বছর ১৬১ দিন বয়সে এই ট্রফি জিতে প্রতিযোগিতার ইতিহাসে বয়স্কতম চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আরও এক বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নেমেছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এখনও কোর্টে নামছেন জোকোভিচ। ২০২৩ সালের পর থেকে আর কোনও মেজর জিততে পারেননি তিনি। তবে এখনও অবসরের সিদ্ধান্ত নেননি সার্বিয়ার টেনিস তারকা।