Advertisement
E-Paper

বলের ধাক্কায় ভাঙল কোহলির ঘড়ি! তন্ন তন্ন করে খুঁজেও হতাশ ভারতীয় ব্যাটার, রক্ষাকর্তা হয়ে আসরে আম্পায়ার

বিরাট কোহলির ৭৪ রানে ভর করে অকল্যান্ডে নিউ জ়িল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে হারিয়েছেন শুভমন গিলেরা। কিন্তু তার মাঝেই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তারও কেন্দ্রে কোহলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ২৩:০৩
cricket

অকল্যান্ডে ম্যাচ জেতানো ইনিংস খেলার মাঝে বিরাট কোহলি। ছবি: পিটিআই।

ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। বিরাট কোহলির ৭৪ রানে ভর করে অকল্যান্ডে নিউ জ়িল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে হারিয়েছেন শুভমন গিলেরা। কিন্তু তার মাঝেই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তারও কেন্দ্রে কোহলি।

ভারতের ইনিংসের ১৭তম ওভারে নেথান স্মিথের একটি বল পিচে পড়ে লাফিয়ে ওঠে। কোহলি নিয়ন্ত্রণ করতে পারেননি। বল ব্যাটের বদলে তাঁর কব্জিতে লাগে। ঘড়ি পরে খেলতে নেমেছিলেন কোহলি। বলের ধাক্কায় ভেঙে ছিটকে পড়ে ঘড়িটি।

এই ঘটনার পর মাঠ থেকে কোহলি ঘড়িটি কুড়িয়ে নেন। কিন্তু স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় ঘড়িটি পরতে পারছিলেন না তিনি। খুঁজে পাচ্ছিলেন না ঘড়ি ও স্ট্র্যাপের মাঝের পিন। বাধ্য হয়ে ঘড়িটি পকেটে ঢুকিয়ে রাখেন কোহলি। কিন্তু পিন না পেলে তো আর ঘড়ি পরা যাবে না। তাই তন্ন তন্ন করে পিন খুঁজছিলেন কোহলি।

কয়েক সেকেন্ড ধরে এদিক ওদিক খোঁজার পরেও পিন খুঁজে পাননি কোহলি। হতাশ দেখাচ্ছিল তাঁকে। ঠিক তখনই রক্ষাকর্তা হয়ে দেখা দেন আম্পায়ার। তিনি পিন খুঁজে পান। সেটি তুলে কোহলির হাতে দেন তিনি।

পিন খুঁজে পেয়ে হাসি ফেরে কোহলির। তিনি পিনটি হাতে করে দর্শকদের দিকেও তুলে দেখান। তার পর তা ঢুকিয়ে নেন পকেটে। দর্শকেরাও হাততালি দেন। ঘড়ি ভেঙে গেলেও কোহলির খেলা থামেনি। ১৩ চার ও এক ছক্কার ইনিংসে ভারতকে জয়ের কাছে পৌঁছে দেন তিনি।

এই ম্যাচে অকল্যান্ডে জোড়া রেকর্ডও গড়েছেন কোহলি। এক দিনের ক্রিকেটে তিন নম্বরে নামা প্রথম ব্যাটার হিসেবে ১৩,০০০ রানের মালিক হয়েছেন তিনি। পাশাপাশি সফল রান তাড়া করতে গিয়ে সর্বাধিক রানের মালিকও হয়েছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। সফল রান তাড়া করতে গিয়ে ১৬৯ ইনিংসে ৮৭৪১ রান করেছেন কোহলি। এত দিন এই রেকর্ড ছিল সচিনের। তিনি ভারতের হয়ে ২৩২ ইনিংসে ৮৭২০ রান করেছিলেন। বুধবার সচিনকে ছাপিয়ে গেলেন কোহলি। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেললে এখনও বেশ কিছু এক দিনের ম্যাচ খেলার সুযোগ পাবেন কোহলি। অর্থাৎ, এই রানের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাবেন ভারতীয় ব্যাটার।

India Vs New Zealand Virat Kohli Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy